বিধানসভায় মুখোমুখি মদন মিত্র-কুনাল ঘোষ, তুঙ্গে রাজনৈতিক তরজা

বিধানসভায় মুখোমুখি মদন মিত্র-কুনাল ঘোষ, তুঙ্গে রাজনৈতিক তরজা

বিধানসভার চত্বরে মুখোমুখি হয়ে তীব্র বাকযুদ্ধে জড়ালেন মদন মিত্র ও কুনাল ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছাড়ার পর একই রাজনৈতিক দলের দুই ভিন্ন শিবিরের নেতার মধ্যে এই প্রথম প্রকাশ্যে এমন সংঘাত দেখা গেল।

কুনাল ঘোষ দাবি করেন, বর্তমানে অন্য শিবিরে থাকলেও মদন মিত্রের মন এখনও ‘কালীঘাটপন্থী’ তৃণমূলেই রয়েছে। তাঁর অভিযোগ, মদন মিত্রের পরিবারের দুই সদস্যকে ইডি নোটিস পাঠানোর পরই তিনি রাজনৈতিক অবস্থান বদলেছেন। কুনালের কথায়, “মদন মিত্রের মন কালীঘাট তৃণমূলে, তবে শরীর অন্য শিবিরে।”

এর জবাবে মদন মিত্র বলেন, “আমার মন যা চেয়েছে, আমি তাই করেছি। কুনাল ঘোষের মন যা চাইছে, তাই তিনি এখন উল্টোপাল্টা বলছেন। আমার যেটা ভালো মনে হয়েছে, আমি সেই পথেই এগিয়েছি।”

গেরুয়া রঙের পাঞ্জাবি পরে বিধানসভায় এসে নিজেকে ‘রংবাজ’ বলেও দাবি করেন মদন। তিনি বলেন, “আমি যে রং ধারণ করি, সেই রংই আমাকে সবচেয়ে বেশি মানায়।” পাশাপাশি নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করে লিওনেল মেসির সঙ্গে তুলনা টেনে বলেন, “আমি কী খেলা খেলব, সেটা আগামী দিনে মানুষই দেখবে।”

দুই নেতার এই পাল্টাপাল্টি মন্তব্য ঘিরে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে জল্পনা শুরু হয়েছে।