বকেয়া ও বেতন বৃদ্ধির দাবিতে পুরুলিয়া পৌরসভায় সাফাই কর্মীদের অনির্দিষ্টকালের কর্মবিরতি, আবর্জনাময় শহর
নিজেদের বকেয়া বেতন মেটানো এবং বেতন বৃদ্ধির দাবিতে শুক্রবার সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি শুরু করলেন পুরুলিয়া পৌরসভার সাফাই বিভাগের অস্থায়ী কর্মীরা। আন্দোলনের জেরে সপ্তাহের শেষেই স্তব্ধ হয়ে পড়েছে শহরের সাফাই ব্যবস্থা। রাস্তাঘাট থেকে শুরু করে অলিগলি— সর্বত্রই জমে উঠেছে আবর্জনার পাহাড়। এরফলে চরম দুর্ভোগে পড়েছেন শহরবাসী।
পৌরসভা সূত্রে জানা গেছে, সাফাই কর্মীদের এই অসন্তোষ মেটাতে ইতিপূর্বে একাধিকবার পৌর কর্তৃপক্ষ অস্থায়ী কর্মীদের সঙ্গে আলোচনায় বসেছিলেন। কিন্তু দু-পক্ষের আলোচনার পরও কোনো স্থায়ী সমাধান সূত্র না বেরোনোয় শেষ পর্যন্ত কর্মবিরতির চরম পথ বেছে নেন কর্মীরা।
আন্দোলনকারী অস্থায়ী সাফাই কর্মীদের অভিযোগ, পুরুলিয়া পৌরসভায় বর্তমানে প্রায় ৭০০-র বেশি অস্থায়ী কর্মী কর্মরত। তাদের মধ্যে অনেকেই ১৫ থেকে ২০ বছরেরও বেশি সময় ধরে নিরলসভাবে শহর পরিষ্কারের কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘ কর্মজীবনের পরও তাদের বেতন অত্যন্ত নগণ্য। ক্ষোভ প্রকাশ করে কর্মীরা জানান,
বছরের পর বছর কাজ করলেও বেতন বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হয়নি।
নিয়মিত বেতনও মেলে না। কোনো মাসে বেতন মিললে, অন্য মাসে তা বকেয়া থেকে যায়।
বারবার পৌর কর্তৃপক্ষকে লিখিত ও মৌখিকভাবে জানিয়েও কোনো লাভ হয়নি।
বর্তমানে পুরুলিয়া পৌরসভা পরিচালনার দায়িত্বে রয়েছেন পুরুলিয়া সদর মহকুমা শাসক। তাই অস্থায়ী কর্মীদের সাফ কথা, এবার আর কোনো ফাঁকা প্রতিশ্রুতি নয়, মহকুমা শাসককে সরাসরি হস্তক্ষেপ করে এই সমস্যার স্থায়ী সমাধান করতে হবে।


