রাজ্যে বিভিন্ন দপ্তরে গড়ে ওঠা ঘুঘুর বাসা ভাঙা হবে, বার্তা আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডুর


রাজ্যে বিভিন্ন দপ্তরে গড়ে ওঠা ঘুঘুর বাসা ভাঙা হবে, বার্তা আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডুর

বিভিন্ন সরকারি দপ্তরে গড়ে ওঠা ঘুঘুর বাসা এবার ভেঙে দেওয়া হবে বলে দাবি করলেন রাজ্যের মন্ত্রী ক্ষুদিরাম টুডু। বর্ধমানে একটি সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই কথাগুলি বলেন তিনি। উল্লেখ্য, বর্ধমান শহরের কালনা গেট চত্ত্বরে বিজেপি কর্মীরা সম্বর্ধিত করেন পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডুকে। রাজ্যে সমস্ত অবৈধ মাদ্রাসা বন্ধ করে দেওয়া হবে, আবার খোলার চেষ্টা করলে বুলডোজার চালানো হবে বলে হুঁশিয়ারি দিলেন রাজ্যের আদিবাসী কল্যাণ মন্ত্রী ক্ষুদিরাম টুডু। এদিন তিনি আরও বলেন, সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তৃণমূল কংগ্রেসের ফ্যাক্ট ফাইন্ডিং টিম প্রসঙ্গে তিনি বলেন, ২০২১ এর পর পোস্ট পোল ভায়োলেন্স তারা ভুলে গেলেন ? ভারতীয় জনতা পার্টির উপর অত্যাচার, ৩১১ জন বিজেপি কর্মী শহীদ হয়েছেন। ওগুলো লোক দেখানো, ভারতীয় জনতা পার্টির কাছে এসব চলবে না।
সরকারি জমি যারা দখল করে আছে সেগুলো সব খালি করাবো,প্রয়োজনে বুলডোজার চালাবো বলে উল্লেখ করেন ক্ষুদিরাম।
২০১১ সালের পর থেকে যেসব এস সি, এস টি সার্টিফিকেট ইস্যু হয়েছে তার তদন্ত চলছে। আমি সচিবকে বলেছি সি আই ডি তদন্ত করাবো। যারা ফেক এসটি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে আছেন বা বিভিন্ন কলেজে ছাত্রছাত্রীরা ফেক সার্টিফিকেট নিয়ে ভর্তি হয়েছেন তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেব। তিনি আরও বলেন, যে দপ্তরগুলির দ্বায়িত্ব পেয়েছি সেই দপ্তরগুলি ঘুঘুর বাসা হয়ে রয়েছে। সার্ফ দিয়ে, সানলাইট দিয়ে,দামী ডিটারজেন্ট দিয়ে পরিস্কার করে দেব। আমরা সবাই মিলে ডাবল ইঞ্জিন সরকার। গুজরাট ও ইউপি মডেলে পশ্চিমবঙ্গে সরকার চালাবো। সবাই একসাথে কাজ করছে। যেখানে দুর্নীতি আছে সেগুলো ক্লিন করতে হবে। কোনো দুর্নীতি আর চলবে না এখানে।