নারদা কাণ্ড চোর শুভেন্দু অধিকারী লেখা পোস্টারে চাঞ্চল্য আউশগ্রামে, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্টারের ঘটনায় দুই তৃণমূল নেতাকে আটক পুলিশের

নারদা কাণ্ড চোর শুভেন্দু অধিকারী লেখা পোস্টারে চাঞ্চল্য আউশগ্রামে, মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর পোস্টারের ঘটনায় দুই তৃণমূল নেতাকে আটক পুলিশের

জেলার আউশগ্রাম বিধানসভার রামনগর পঞ্চায়েত এলাকার ছোড়া মাছ বাজারে মুখ্যমন্ত্রীর নামে কুরুচিকর ও বিতর্কিত পোস্টার লাগানোর ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বাজারের বিভিন্ন জায়গায় টাঙানো পোস্টারে কোথাও লেখা — “নারদা কাণ্ডে চোর মুখ্যমন্ত্রী”, আবার কোথাও “সারদা কাণ্ডে চোর”। একাধিক স্থানে এই ধরনের পোস্টার ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার সকালে বাজারে আসা সাধারণ মানুষ প্রথম পোস্টারগুলি দেখতে পান। কে বা কারা রাতের অন্ধকারে এই পোস্টার টাঙিয়েছে, তা নিয়ে শুরু হয়েছে জোর জল্পনা। যদিও প্রকাশ্যে এই বিষয়ে মুখ খুলতে চাননি স্থানীয় বাসিন্দাদের একাংশ।
ঘটনার খবর পেয়ে পুলিশ এলাকায় পৌঁছে তদন্ত শুরু করে। তদন্তে নেমেই দুই তৃণমূল নেতাকে আটক করেছে পুলিশ। ধৃতদের নাম তপন সিকদার ও সত্য হালদার বলে পুলিশ সূত্রে জানা গেছে। তাদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে।
এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই “নোংরা কাজ” করেছে। বিজেপির মুখপাত্র ডক্টর শান্তরূপ দে বলেন, তৃণমূল এবং সিপিআইএম সাধারণ মানুষের কাছে প্রত্যাখ্যাত হয়ে এখন বিজেপি সরকার ও নেতাদের বিরুদ্ধে কুরুচিকর প্রচার শুরু করেছে। আউশগ্রামের ঘটনাও তার ব্যতিক্রম নয়। বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে টার্গেট করে অপপ্রচার চালানো হচ্ছে। সাধারণ মানুষকে বিভ্রান্ত করে আবার রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে এই ধুয়ে-মুছে সাফ হয়ে যাওয়া দলগুলি।
অন্যদিকে, জেলা তৃণমূলের সম্পাদক বাগবুল ইসলাম জানান, কোনও নেতার নামে কুরুচিকর পোস্টারকে তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। এই ঘটনার সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই।