ভোটের শেষ প্রচারে গলসীতে সায়নী
পূর্ব বর্ধমান জেলার ১৬ টি বিধানসভা আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৯ এপ্রিল। এই নির্বাচনকে কেন্দ্র করে শেষ রবিবারে প্রচার ছিল জমজমাট। গলসী বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থী অলোক মাঝির হয়ে প্রচারে এসেছিলেন অভিনেত্রী তথা রাজ্য মহিলা তৃণমূল যুব কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ। তিনি বর্তমানে সাংসদও। প্রচারে এসে সায়নী বলেন, যতই নাড়ো কলকাঠি, নবান্নে আবার হাওয়াই চটি। একইসঙ্গে তিনি বলেন, বাংলার উন্নয়ন করতে নরেন্দ্র মোদী, অমিত শাহরা কিংবা বিজেপির কোনো নেতারা কোনো কিছু করবেন না। করবে তৃণমূল কংগ্রেসের সরকার। তাই গলসী বিধানসভা কেন্দ্রে ২৯ শে এপ্রিল এক নম্বর বোতাম টিপে জোড়াফুল চিহ্নে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিন। অলোক মাঝি বলেন, আমি ২০১৬ থেকে ২১ সাল পর্যন্ত এই বিধানসভা কেন্দ্রে বিধায়ক ছিলাম। তখন এখানকার মানুষের দাবি মেনে ফায়ার ব্রিগেড স্থাপন করেছি। অল্প কিছু কাজ এখনও বাকি আছে। আমি নির্বাচিত হলে সেই কাজগুলি অবশ্যই সমাপ্ত করবো। তিনি বলেন, কেন্দ্রের সাম্প্রদায়িক শক্তিকে পরাস্ত করে রাজ্যে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করুন।


