বিধানসভা নির্বাচনের প্রাক্কালে কাটোয়ায় পরিদর্শনে মুখ্য নির্বাচন আধিকারিক
আসন্ন নির্বাচনের প্রাক্কালে পূর্ব বর্ধমান জেলার কাটোয়ায় পরিদর্শনে এলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক। রবিবার দুপুরে তার হেলিকপ্টার কাটোয়া স্টেডিয়ামে অবতরণ করে। সেখান থেকেই প্রশাসনিক কর্তাদের সঙ্গে সংক্ষিপ্ত বৈঠক সেরে তিনি বিভিন্ন সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ এলাকা পরিদর্শনে বেরিয়ে পড়েন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা এবং ভোটগ্রহণ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় পদক্ষেপগুলি খতিয়ে দেখতেই এই পরিদর্শন। এদিন তিনি স্থানীয় পুলিশ ও প্রশাসনিক আধিকারিকদের সঙ্গে কথা বলেন এবং ভোটকেন্দ্রগুলির প্রস্তুতি সম্পর্কেও বিস্তারিত তথ্য নেন।
মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়াল জানান, অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন বদ্ধপরিকর। কোথাও যাতে কোনো রকম গাফিলতি না থাকে, সে বিষয়েও তিনি সংশ্লিষ্ট সকলকে সতর্ক করেছেন। তার এই পরিদর্শনকে কেন্দ্র করে এলাকায় প্রশাসনিক তৎপরতা লক্ষ্য করা যায়। এখানে প্রশাসনের লক্ষ্য নির্বিঘ্নে ভোট পর্ব সম্পন্ন করা।


