বিজয় মিছিলের কায়দায় নমিনেশন পত্র জমা তৃণমূলের প্রার্থীদের


বিজয় মিছিলের কায়দায় নমিনেশন পত্র জমা তৃণমূলের প্রার্থীদের

অনেকটাই বিজয় মিছিলের কায়দায় নমিনেশন পত্র জমা দিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। ৮ এপ্রিল বর্ধমান প্রশাসনিক ভবনে মিছিল করে এসে মনোনয়ন পত্র জমা দেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। এদিন যে ন’জন তৃণমূল কংগ্রেস প্রার্থী নমিনেশন পত্র জমা দেন তারা হলেন, বর্ধমান দক্ষিণে খোকন দাস, বর্ধমান উত্তরে নিশীথ মালিক, খণ্ডঘোষে নবীন চন্দ্র বাগ, রায়নার মন্দিরা দলুই, জামালপুরের ভূতনাথ মালিক, মেমারির রাসবিহারী হালদার, গলসীর অলোক মাঝি, আউশগ্রামের শ্যামাপ্রসন্ন লোহার এবং ভাতাড়ের শান্তনু কোঙার। এদিন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নানা রকম বাদ্যযন্ত্র সহকারে প্রার্থীদের নিয়ে প্রশাসনিক ভবনের আগে নমিনেশন পত্র জমা দেওয়ার জন্য আসেন। সবচেয়ে বেশি জনজোয়ার লক্ষ্য করা যায় বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী খোকন দাসের সঙ্গে। এর পাশাপাশি রাসবিহারী হালদারের সঙ্গেও বিপুল সংখ্যক কর্মী সমর্থক এদিন কার্জন গেট চত্বরে উপস্থিত হন। তারা প্রত্যেকেই নির্দিষ্ট প্রশাসনিক আধিকারিকদের হাতে তাদের নমিনেশন পত্র তুলে দেন। খোকন দাস বলেন, এই বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে তিনি ত্রিশ হাজার ভোটে জয়যুক্ত হবেন। দলের প্রত্যেক প্রার্থীই এদিন জয়ের আশা ব্যক্ত করেন।