শহরে দুটি র‍্যালি করে মনোনয়নপত্র পেশ বিজেপি প্রার্থীদের


শহরে দুটি র‍্যালি করে মনোনয়নপত্র পেশ বিজেপি প্রার্থীদের

৭ এপ্রিল বর্ধমান শহরের দুই প্রান্ত থেকে দুটি রালি করে বিজেপির ৯ জন প্রার্থীে মনোনয়নপত্র জমা দিলেন। এদিন বর্ধমান দক্ষিণ, বর্ধমান উত্তর, গলসি, আউসগ্রাম ও ভাতার বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থীরা বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে মিছিল করে কার্জেন গেট পর্যন্ত আসেন। অন্যদিকে মেমারি, খণ্ডঘোষ জামালপুর ও রায়না বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জেন গেটে এসে উপস্থিত হন। এদিন এখানে একটি সভা অনুষ্ঠিত হয়। এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের উপ মুখ্যমন্ত্রী কেশব প্রসাদ মৌর্য। ছিলেন বিজেপির রাজ্য কমিটির অন্যতম সদস্য সন্দীপ নন্দী, জেলা সভাপতি অভিজিৎ তা, প্রবাল রায়, অঞ্জন মুখার্জী প্রমুখ। এদিন প্রশাসনিক ভবন প্রাঙ্গণে দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের হাতে বিজেপির দলীয় প্রার্থীরা তাদের মনোনয়নপত্র জমা দেন। পরবর্তীতে বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র বলেন, আজ এখানে যেভাবে মানুষের সাড়া পেয়েছি তা অভূতপূর্ব। মিছিল করে আসার সময় রাস্তার দু’ধারে দাঁড়িয়ে মানুষ আমাদের আশীর্বাদ দিয়েছেন, শুভকামনা জানিয়েছেন। মানুষের এই আশীর্বাদ ও শুভেচ্ছাকে সঙ্গে করেই ভারতীয় জনতা পার্টি এবার এখানে বিপুল ভোটে জয়যুক্ত হবে।