বর্ধমানে এসে তৃণমূলের বিরুদ্ধে “চার্জশিট” পেশ করলেন মিঠুন চক্রবর্তী


বর্ধমানে এসে তৃণমূলের বিরুদ্ধে “চার্জশিট” পেশ করলেন মিঠুন চক্রবর্তী

২৩ ফেব্রুয়ারি বর্ধমানে বিজেপি কার্যালয়ে আয়োজিত এক সাংবাদিক সভায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে চার্জশিট পেশ করলেন বিজেপির ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির সদস্য মিঠুন চক্রবর্তী। তিনি বলেন, রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মদতে সারা রাজ্যজুড়ে বিভিন্ন দুর্নীতি ধারাবাহিকভাবে হয়ে চলেছে। তিনি অভিযোগ করেন, টোটোর রেজিস্ট্রেশনের নামে টোটো চালকদের কাছ থেকে হাজার টাকার পরিবর্তে ২০০০ টাকা চাওয়া হচ্ছে। এই অর্থ বেআইনিভাবে নেওয়া হচ্ছে। মিঠুন বলেন, দক্ষিণবঙ্গের ময়ূরাক্ষী ও দামোদর নদ থেকে একনাগাড়ে বালি চুরি করা হচ্ছে। এ ব্যাপারে পুলিশ প্রশাসন সব জেনেও নিশ্চুপ রয়েছে। তিনি তিনি আরও অভিযোগ করেন, দামোদর নদের ওপর শিল্প সেতু নির্মাণের কথা অনেক আগে থেকেই বলা হয়েছিল। কিন্তু আজও পর্যন্ত সেই সেতুর কাজ শুরু হয়নি। গোটা দক্ষিণবঙ্গ জুড়ে শিল্প সম্ভাবনা ক্রমশ ক্ষীণ হয়ে গেছে। এখানে দুর্গাপুজো করার জন্য সরকারি অর্থ পেতে গেলে দিদির ছবি সেই পুজো মন্ডপে রাখতে হয়। তবেই টাকা পাওয়া যায়। এই ধরনের ঘটনার কথা আমরা স্ট্যালিন ও হিটলারের আমলে হতো বলে শুনেছি। তিনি আরও অভিযোগ করেন, আমাদের রাজ্যে সাঁওতালি ভাষাভাষীদের জন্য স্কুলে শিক্ষক নেই। ফলে বহু ছাত্র-ছাত্রী স্কুল ছুট হচ্ছে। অথচ মাদ্রাসা শিক্ষার জন্য বিপুল অর্থ ব্যয় করছে রাজ্য সরকার। আদিবাসী স্কুলের ছাত্র-ছাত্রীদের কথা ভাবা হচ্ছে না। এই পরিস্থিতির বদল দরকার। তার জন্য বিজেপিকে রাজ্যে সরকার গঠনে সুযোগ দিতে হবে। আগামী দিনে বিজেপি সরকার গঠন করলে সত্যিই সোনার বাংলা তৈরী হবে। এদিনের সাংবাদিক সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বর্ধমান সংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। তিনিও চার্জসিটে উল্লেখ থাকা বেশকিছু অভিযোগ সাংবাদিকদের সামনে তুলে ধরেন। প্রশ্নোত্তর পর্বে মিঠুন চক্রবর্তী সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। প্রয়াত তৃণমূল নেতা মুকুল রায়ের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।