1
নারী শক্তি সমবায় সমিতির বিশেষ উদ্যোগ
পূর্ব বর্ধমান জেলার জামালপুরের আঝাপুর অঞ্চলের নারীশক্তি মহিলা বহুমুখী সমবায় সমিতির উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এর সঙ্গে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান ও হস্তশিল্প প্রদর্শনীর আয়োজনও করা হয়। যেখানে ১০০ জন মহিলা রক্তদাতা রক্তদান করেন। এই অনুষ্ঠানে রক্তদাতাদের উৎসাহিত করতে উপস্থিত ছিলেন জামালপুর ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ-সভাপতি ভূতনাথ মালিক, জেলা পরিষদের সদস্য কল্পনা সাঁতরা, প্রধান কাশীনাথ হেমব্রম, উপপ্রধান অশোক ঘোষ,অঞ্চল সভাপতি ডক্টর প্রতাপ রক্ষিত সহ অন্যান্যরা। মেহেমুদ খান নারী শক্তি বহুমুখী মহিলা সমবায় সমিতির প্রশংসা করে বলেন, আজকের দিনে মহিলারা যেভাবে এগিয়ে এসে রক্তদান করলেন তা সত্যিই প্রশংসার দাবি রাখে। এর আগে তিনি নিজে করোনার সময় সাত দিনব্যাপী মহিলাদের নিয়ে রক্তদান শিবির করেছিলেন। মেহেমুদ বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য নানান প্রকল্প খুলে তাদের সমাজে এগিয়ে নিয়ে যেতে চাইছেন। তারই ফলশ্রুতি হিসাবে আজ এইভাবে মহিলারা এগিয়ে এসে রক্তদানের মতো মহৎ কাজে অংশ নিচ্ছেন। শুধু তাই নয়, বিভিন্ন স্বয়ম্ভর গোষ্ঠীর মেয়েরা নানা জিনিস নিজের হাতে হস্তশিল্প হিসাবে তৈরি করে এখানে প্রদর্শন করছেন। এটা দেখে তার খুবই ভালো লাগছে। এই ভাবেই মহিলারা স্বনির্ভর হয়ে এগিয়ে যাক। এটাই তিনি চান।
এদিন সংগৃহীত রক্ত ক্যামরী হাসপাতালের ব্লাড ব্যাংকের হাতে তুলে দেওয়া হয়। রক্তদান উৎসবের পাশাপাশি এখানে নানান সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
2
নতুন প্রজন্মের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলার বার্তা
নবীন প্রজন্মের ছেলেমেয়েদের মধ্যে দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ জাগিয়ে তোলা অত্যন্ত প্রয়োজন। কারণ বর্তমান আত্মকেন্দ্রিক সমাজ ব্যবস্থাতে মানুষের ভাবনাচিন্তা খুবই সীমিত জায়গার মধ্যে ঘোরাফেরা করে, অন্যের জন্য কিছু করার যে প্রবণতা সেটা হারিয়ে যেতে বসেছে, দেশ ও সমাজকে কিছু দেবার ভাবনা প্রায় নেই বললেই চলে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা ৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালন করে এসেছি। আর এই অবস্থানে আজকের প্রজন্মের মধ্যে দেশের প্রতি ভালোবাসা বোধ গড়ে তোলা জরুরি। অন্যের জন্য কিছু করার যে মূল্যবোধ সেটাও জাগিয়ে তোলা দরকার বলে উল্লেখ করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। উল্লেখ্য, ৭৭ তম প্রজাতন্ত্র দিবস পালনের অঙ্গ হিসেবে পূর্ব বর্ধমান জেলার খন্ডঘোষ ব্লকের অন্তর্গত নিশ্চিন্তপুর প্রগতি সংঘের উদ্যোগে আয়োজিত বার্ষিক অনুষ্ঠানে উপস্থিত থেকে এই কথাগুলি বলেন অপার্থিব। তিনি আরও বলেন, বর্তমান সময়কালে দেশের বুকে যে সরকার পরিচালিত হচ্ছে, তারা গণতন্ত্র ও সংবিধানকে ধ্বংস করতে চাইছে। মানুষের নিজস্ব অধিকার কেড়ে নিতে চাইছে। তাই আমাদের দেশের সংবিধান ও গণতন্ত্রকে সুরক্ষিত রাখার জন্য প্রত্যেক দেশবাসীকে উদ্যোগ গ্রহণ করতে হবে।
এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম সহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ। ছিলেন স্থানীয় জনপ্রতিনিধিরাও। এদিনের এই অনুষ্ঠান পর্বে দেশাত্মবোধক সাংস্কৃতিক পরিবেশনা সকলের মন ছুঁয়ে যায়।


