বর্ধমান বিদ্যার্থী ভবন বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি বর্ষের আনুষ্ঠানিক সূচনা | লায়ন্স ক্লাব অব বর্ধমানের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা


বর্ধমান বিদ্যার্থী ভবন বিদ্যালয়ে প্ল্যাটিনাম জুবিলি বর্ষের আনুষ্ঠানিক সূচনা

বর্ধমান বিদ্যার্থী ভবন উচ্চ বিদ্যালয়ে সাড়ম্বরে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদ্‌যাপনের সূচনা হলো। এদিন সকালে প্রথমে বিদ্যালয় প্রাঙ্গণেই পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানের সূচনা হয়। সকালে বিদ্যালয়ের ছাত্র, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী, অভিভাবক ও প্রাক্তনীদের নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। ব্যান্ড, প্যারেড সহ সুসজ্জিত এই শোভাযাত্রা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। এরপর আনুষ্ঠানিকভাবে প্ল্যাটিনাম জুবিলি বর্ষ উদ্‌যাপন অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান পুরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বিডিএ-র চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রামকৃষ্ণ গড়াই, প্রাক্তন প্রধান শিক্ষক ঈশ্বর চন্দ্র, পরিচালন সমিতির সভাপতি গৌতম সরকার সহ বিশিষ্টরা। প্রধান শিক্ষক জানান, ১৯৫২ সালে বিদ্যালয় প্রতিষ্ঠিত হয়। ৭৫ বছর অতিক্রম করলো এই বিদ্যালয়। আগামী এক বছর ধরে এই উদ্‌যাপন পর্ব চলবে।

লায়ন্স ক্লাব অব বর্ধমানের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা

লায়ন্স ক্লাব অফ বর্ধমানের উদ্যোগে বসে আঁকো প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো। গুডশেড রোডে লায়ন্সের নিজস্ব ভবনে আয়োজিত এই প্রতিযোগিতায় মোট ৪৬০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। এ প্রসঙ্গে এই প্রতিযোগিতা কমিটির চেয়ারম্যান কল্যাণ মন্ডল জানান, মোট পাঁচটি বিভাগে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিটি বিভাগে আঁকার বিষয় ছিল আলাদা। প্রতিটি বিভাগের প্রতিযোগীদের আঁকার জন্য এক ঘন্টা করে সময় দেওয়া হয়েছে। এই প্রতিযোগিতায় যারা সেরা বিবেচিত হবেন তাদের হাতে আগামী ২৬ জানুয়ারি পুরস্কার তুলে দেওয়া হবে।