কাঞ্চন উৎসব শুরু হচ্ছে ২০ জানুয়ারি


কাঞ্চন উৎসব শুরু হচ্ছে ২০ জানুয়ারি

১৮ তম বর্ষ কাঞ্চন উৎসব ২০২৬ শুরু হচ্ছে ২০ জানুয়ারি। এই উৎসব চলবে আগামী ২৮ জানুয়ারি পর্যন্ত। এই কাঞ্চন উৎসব উপলক্ষ্যে আয়োজিত এক সাংবাদিক সভায় এই উৎসব কমিটির সভাপতি তথা বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস বলেন, ২০ জানুয়ারি বিকেল ৫ টায় কঙ্কালেশ্বরী কালীবাড়ি মন্দির প্রাঙ্গণে কাঞ্চন উৎসবের অনুষ্ঠানিক উদ্বোধন হবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মুম্বাইয়ের প্রখ্যাত চলচ্চিত্র অভিনেত্রী কাজল দেবগণ। এছাড়াও উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার, মন্ত্রী বেচারাম মান্না, মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, মন্ত্রী স্বপন দেবনাথ, সাংসদ কীর্তি আজাদ, সাংসদ শর্মিলা সরকার সহ অন্যান্য সরকারি আধিকারিক বৃন্দ। খোকন দাস বলেন, কৃষি, শিল্প, চিত্র,পুষ্প সবমিলিয়ে ন’দিনের এই জমজমাট মিলনমেলায় প্রতিদিনই হাজার হাজার মানুষের সমাগম ঘটে। ২০ থেকে ২৮ জানুয়ারি প্রতিদিনই স্থানীয় শিল্পীদের পাশাপাশি অতিথি শিল্পীরাও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেবেন। শেষ দিন রাত্রি সাড়ে আটটায় থাকছে বিশেষ আতশবাজির প্রদর্শন। এই দিনই উৎসবের সমাপ্তি ঘোষণা হবে। এবারে কাঞ্চন উৎসবের বাজেট প্রায় এক কোটি টাকা বলে জানান খোকন দাস। এ বছর কাঞ্চন উৎসবের থিম হল “বাংলা আমার মায়ের ভাষা”। তিনি বলেন, সরকারি ও বেসরকারি মিলিয়ে বিভিন্ন স্টল এবার উপস্থিত মানুষজনদের দৃষ্টি আকর্ষণ করবে।