1
খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমীদের সাহায্যার্থে রক্তদান শিবির বর্ধমানে
শহরের খেলোয়াড় ও ক্রীড়া প্রেমীদের সাহায্যার্থে মোহনবাগান দিবসের প্রাক্কালে মেরিনার্স অফ বর্ধমানের পরিচালনায় কালনা রোড অগ্রদূত ক্লাবের সহযোগিতায় বর্ধমানে এক রক্তদান এবং বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবির অনুষ্ঠিত হয়। শতাধিক মানুষ এদিন রক্তদান করেন। ই.সি.জি. , পি.এফ.টি. সহ বিভিন্ন দামী পরীক্ষা করা হয়। একটি বেসরকারি হাসপাতালের সহযোগিতায় বিনামূল্যে এই পরিষেবা পৌঁছে দেওয়া হয়। উপস্থিত ছিলেন একঝাঁক বর্তমান ও প্রাক্তন খেলোয়াড়। এদিন অনূর্ধ্ব ১৯ ভারতীয় দল , রঞ্জি টিম ও দিল্লী ক্যাপিটালসের ক্রীকেটার অভিষেক পোড়েল এবং প্রাক্তন মোহনবাগান অধিনায়ক ও বাংলা ও রেলওয়ের রঞ্জি প্লেয়ার অর্ণব নন্দীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। কোলকাতার তিন প্রধানের হয়ে দাপিয়ে খেলা ফুটবলার দেবাশিস কোনার ও মোহনবাগানের প্রাক্তন ক্রিকেটার দুর্গেশ দুবেকেও এদিন সম্মানিত করা হয়।
এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বিধায়ক খোকন দাস। উপস্থিত ছিলেন বি.ডি.এ-র চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক এবং বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ সরকার , কাউন্সিলর ডক্টর শিখা দত্ত সেনগুপ্ত , বর্ধমান জেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক উত্তম সেনগুপ্ত , সমাজকর্মী স্বরাজ ঘোষ ও সন্দীপন সরকার সহ বিশিষ্টজনেরা। আয়োজকদের তরফে অরিন্দম সামন্ত জানান, “জেলায় ক্রীকেট ও ফুটবল প্রশিক্ষণের ব্যাপারে মেরিনার্স অফ বর্ধমান উদ্যোগ নিচ্ছে। প্রাক্তন সকল খেলোয়াড়কেই এদিন এ ব্যাপারে সহযোগিতার আর্জি জানানো হয়”। মূল লক্ষ্য হলো এখানে খেলার মানকে আরও উন্নত করা।
2
বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচারের প্রতিবাদে মিছিল
ভারতে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাংলা ভাষার অবমাননা ও বাংলাভাষী নাগরিকদের উপর অত্যাচারের প্রতিবাদে মমতা ব্যানার্জীর আহ্বানে শহরজুড়ে প্রতিবাদ মিছিল সংগঠিত হল। শহরের ২৯ নম্বর ওয়ার্ডে স্থানীয় কাউন্সিলর ও বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিকের নেতৃত্বে একটি প্রতিবাদ মিছিল ওয়ার্ডের বিভিন্ন পথ পরিক্রমা করে। সুশান্ত প্রামাণিক বলেন, দেশের বিজেপি শাসিত রাজ্যে যেভাবে বাংলা ভাষাভাষীদের উপর অত্যাচার নামিয়ে আনা হয়েছে, তার বিরুদ্ধে আজ পথে নেমেছেন এখানকার মানুষ। মুখ্যমন্ত্রী ২৭ জুলাই রাজ্যজুড়ে এই প্রতিবাদ কর্মসূচীর ডাক দিয়েছিলেন। এরপর প্রত্যেক শনি রবিবার এই ধরনের কর্মসূচী অনুষ্ঠিত হবে। আমরা আমাদের প্রতিবাদ কর্মসূচী আগামী দিনেও চালিয়ে যাব।
3
এসো তামান্নার জন্য ছবি আঁকি
পার্শ্ববর্তী জেলা নদীয়ার কালিগঞ্জ বিধানসভা উপনির্বাচনে শাসকদলের বিজয় মিছিল থেকে বোমার আঘাতে মৃত্যু হয় ৯ বছরের তামান্নার। ২৮শে জুলাই তামান্নার জন্মদিন। এই দিনটিকে স্মরণে রেখে ২৭ জুলাই
SFI/DYFI/AIDWA/ABPTA
বর্ধমান শহর দুই এরিয়া কমিটির উদ্যোগে শিশু নিকেতন স্কুলে
‘যেমন খুশি আঁকো’ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় ১০৭ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বার্তা ছিল এসো তামান্নার জন্য আঁকি। এদিন প্রতিযোগিতার শেষে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তব্য রাখেন কিশোর বাহিনীর সংগঠক ধীরেন্দ্রনাথ সুর। তিনি ছবি আঁকা অভ্যাসের মধ্যে দিয়ে শিশু-কিশোরদের সুস্থ সংস্কৃতির সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানান। সকল বিভাগের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার তুলে দেন ধীরেন্দ্রনাথ সুর,গৌতম মজুমদার এবং প্রতিযোগিতার বিচারক বিশ্বনাথ দে, শঙ্কর চ্যাটার্জী, কুশল বণিক। বিদ্যালয় প্রাঙ্গণে প্রতিযোগীদের সঙ্গে তাদের অভিভাবকদের উপস্থিতিও ছিল চোখে পড়ার মতো।
4
খণ্ডঘোষের চাগ্রামে সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন
জেলার খণ্ডঘোষ ব্লকের উখরিদ গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত চাগ্রামে এটি সুস্বাস্থ্য কেন্দ্রের শুভ উদ্বোধন হলো। উদ্বোধন করলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম। উপস্থিত ছিলেন জেলা পরিষদের জনস্বাস্থ্য দপ্তরের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়। ছিলেন গ্রাম পঞ্চায়েতের প্রধান অপূর্ব হাজরা, উপপ্রধান প্রভাত রায় সহ স্বাস্থ্য কেন্দ্রের কর্মী ও স্থানীয় মানুষজন। এদিন এই সুস্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন করে অপার্থিব ইসলাম বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্য ব্যবস্থাকে শহর থেকে গ্রাম সর্বত্র বিস্তৃত করেছেন। তাই গ্রামাঞ্চলে এই ধরনের সুস্বাস্থ্য কেন্দ্রের কার্যক্রম শুরু করা সম্ভব হলো। আমরা আশাবাদী, এখানকার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থার সঙ্গে যারা যুক্ত রয়েছেন তারা অবশ্যই এই কেন্দ্রটিকে সুচারু ভাবে এগিয়ে নিয়ে যাবেন।
বিশ্বনাথ রায় বলেন, গ্রামীণ স্বাস্থ্য ব্যবস্থাকে বর্তমান রাজ্য সরকার অত্যন্ত গুরুত্ব দিয়েছে। তাই শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রাম পর্যন্ত সরকারি স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থাকে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। আশাকরি এর ফলে এখানকার সাধারণ মানুষ খুবই উপকৃত হবেন।


