সন্ত্রাসমুক্ত বিশ্ব গড়ার বার্তা দিতে লাদাখ যাত্রা পূর্ব বর্ধমানের শিক্ষিকার II খণ্ডঘোষ ব্লকে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীকে সংবর্ধনা II জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন


1
সন্ত্রাসমুক্ত বিশ্ব গড়ার বার্তা দিতে লাদাখ যাত্রা পূর্ব বর্ধমানের শিক্ষিকার

তিনি শিক্ষকতা করেন, নাম সুতপা দাস। তবে পূর্ব বর্ধমান জেলার বাঘনাপাড়া বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা সুতপা দেবী তার জীবনকে শুধুমাত্র স্কুল আর তার বাড়ির চার দেওয়ালের মধ্যে আবদ্ধ রাখেননি। বিভিন্ন সময়ে নানান সামাজিক সচেতনতার বার্তা নিয়ে বেরিয়ে পড়েছেন দেশের নানা প্রান্তে। পথে যেতে যেতে সাধারণ মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করেছেন। এবার তার লক্ষ্য হলো সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার বার্তা দেওয়া। পূর্ব বর্ধমানের পূর্বস্থলীর রাজাপুর গ্রামের বাসিন্দা সুতবা দেবী তাই তার এলাকার নিকটবর্তী হেমায়েতপুর মোড় থেকে স্কুটি নিয়ে সোমবার সকালেই রওনা দিলেন কাশ্মীরের লাদাখের উদ্দেশ্যে। এদিন সকাল সাতটায় তিনি তার যাত্রা শুরু করেন। সুতপা দেবী জানিয়েছেন, এটা তার Solo Road Trip । তিনি বলেন, আমার এই অভিযানের উদ্দেশ্য হলো, সন্ত্রাস মুক্ত বিশ্ব গড়ার আহ্বান জানানো। সাধারণ মানুষের কাছে আমি সেই আহ্বান জানানোর লক্ষ্য নিয়েই এবার পথে নেমেছি। সম্প্রতি কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদীদের আক্রমণে যেভাবে নিরীহ পর্যটকরা মারা গেছেন তা অত্যন্ত নিন্দনীয়। তাই মানুষের কাছে আমার আবেদন সন্ত্রাস নয়, মানবিকতাকে সামনে রেখে এগিয়ে চলুন। আসুন এক সন্ত্রাস মুক্ত বিশ্ব ও দেশ গড়ে তুলি আমরা।

2
খণ্ডঘোষ ব্লকে মাধ্যমিকে প্রথম স্থানাধিকারীকে সংবর্ধনা

মাধ্যমিকে ঘোষিত ফল অনুযায়ী পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকে প্রথম স্থান অধিকার করেছে বেরুগ্রাম দুবরাজহাট উচ্চ বিদ্যালয়ের ছাত্রী তিয়াসা কুন্ডু। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৬৮০। পরীক্ষার ফল ঘোষণার পর এই ছাত্রীর বাড়িতে পৌঁছে তাকে সম্বর্ধনা জানালেন খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি ও পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জেলা নেতৃত্ব ও সদস্যবৃন্দ। এই প্রতিনিধি দলে ছিলেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম, পশ্চিমবঙ্গ মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ব বর্ধমান জেলার সভাপতি অতনু নায়েক, পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির রাজ্য সম্পাদক তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, শিক্ষক সংগঠনের প্রতিনিধি সিরাজুল ইসলাম সহ বেরুগ্রাম অঞ্চল তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীবৃন্দ। এদিনের সম্বর্ধনা জ্ঞাপন পর্বে অপার্থিব ইসলাম বলেন, দলের নির্দেশক্রমে আমরা মাধ্যমিকে এখানে সর্বোচ্চ নম্বর প্রাপককে আজ সম্বর্ধনা জ্ঞাপন করলাম। আগামী দিনে ব্লকের অন্যান্য কৃতী ছাত্র-ছাত্রীদেরও আমরা সম্বর্ধিত করবো। আমরা চাই এই কৃতী ছাত্র-ছাত্রীরা যেন আগামী দিনে এই রাজ্য ও দেশের মুখ উজ্জ্বল করে। অপার্থিব বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তারা এই কৃতীদের বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। ভবিষ্যতে তাদের পাশে তারা সবসময় থাকবেন। এ বিষয়ে তাদের মতামত জানান অতনু নায়েক ও বিশ্বনাথ রায়।

কৃতী ছাত্রী তিয়াসা কুন্ডু বলে, তার এই সাফল্যের পিছনে পরিবারে বাবা মায়ের যেমন অবদান রয়েছে, তেমনই বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা তাকে সর্বতোভাবে সাহায্য করেছেন। তিনি যাদের কাছে প্রাইভেট টিউশন পড়তেন তারাও তাকে সাহায্য করেছেন। এঁদের প্রত্যেকের কাছে তিনি কৃতজ্ঞ। তার ইচ্ছে ভবিষ্যতে মেডিকেল সায়েন্স নিয়ে পড়াশোনা করার। সেই লক্ষ্যকে সামনে রেখেই আপাতত তিনি উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য প্রস্তুতি নেবেন।

3
জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মাধ্যমিকে কৃতীদের সম্বর্ধনা জ্ঞাপন

এ বছর প্রকাশিত মাধ্যমিকের ফলাফলে জেলা শহরের থেকে পিছিয়ে নেই জামালপুর ব্লক । এই ব্লকে ২০২৫ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছে জামালপুর গার্লস হাইস্কুলের ছাত্রী আফরিন হাসান শেখ। সে পেয়েছে ৬৮১ নম্বর। মাত্র কয়েকটি নম্বরের জন্য মেধা তালিকায় ঢুকতে পারেনি সে। এছাড়াও ৬৬৮ পেয়ে ব্লকে দ্বিতীয় হয়েছে জামালপুর হাইস্কুলের ছাত্র সাহিত্য গুহ । জামালপুর গার্লস হাইস্কুলের আর এক ছাত্রী সোহানা পারভিন পেয়েছে ৬৬৪। আঝাপুর বালিকা বিদ্যালয়ের সিদ্দিকা সুলতানা পেয়েছে ৬৫৫, জৌগ্রাম হাইস্কুলের ছাত্রী তৃষা ঘোষ পেয়েছে ৬৫২, জামালপুর হাইস্কুলের অপর দুই ছাত্র সায়াদ মিসাবুল হক ও অরিত্র দে পেয়েছে যথাক্রমে ৬৪৭ ও ৬৪৫। জোতশ্রীরাম হাইস্কুলের ছাত্র আর্নিত ব্যানার্জী পেয়েছে ৬৪১। ৬০০ -র উপরে পেয়েছে ব্লকের বিভিন্ন স্কুলের অনেক ছাত্রছাত্রী। নম্বরের ভিত্তিতে ছাত্রদের মধ্যে প্রথম চারজন ও ছাত্রীদের মধ্যে প্রথম চারজনকে জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বাড়িতে গিয়ে সম্বর্ধনা জানানো হয়। তাদের ভবিষ্যৎ জীবনের সাফল্য কামনা করতে বাড়িতে পৌঁছে যান বিধায়ক অলোক কুমার মাঝি, ব্লক সভাপতি মেহেমুদ খান, শ্রমিক সংগঠনের সভাপতি তাবারক আলী মন্ডল, জেলার যুব সহ সভাপতি সাহাবুদ্দিন মন্ডল, জামালপুর ২ গ্রাম পঞ্চায়েতের প্রধান মিঠু পাল সহ অন্যান্য নেতৃত্বরা । তাদের উত্তরীয় পরিয়ে হাতে সুন্দর একটি মেমেন্টো, ফুলের তোড়া,ও মিষ্টির প্যাকেট তুলে দেওয়া হয়।

অন্যদিকে মাধ্যমিক পরীক্ষার কৃতীদের শুভেচ্ছা ও সম্বর্ধনা জানাতে শনিবারের মতো রবিবারও তাদের বাড়িতে পৌঁছে যান জামালপুর ব্লক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরা। বিধায়ক অলোক কুমার মাঝি ও ব্লক সভাপতি মেহেমুদ খান এদিন পর্বতপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী পিয়ালী দত্ত(৬৬০),আঝাপুর বালিকা বিদ্যালয়ের ছাত্রী সিদ্দিকা সুলতানা( ৬৫৫), জৌগ্রাম হাইস্কুলের ছাত্রী তৃষা ঘোষ(৬৫২) এদের সম্বর্ধিত করেন। সঙ্গে ছিলেন পারাতল ১ পঞ্চায়েতের উপ প্রধান উত্তম হাজারি, পর্বতপুর বালিকা বিদ্যালয়ের পরিচালন সমিতির সভাপতি শিপ্রা ওঝা ঘোষ সহ স্থানীয় নেতৃত্বরা। তাদের প্রত্যেককে শুভেচ্ছা জানিয়ে উত্তরীয় পরিয়ে দেওয়া হয়। এছাড়াও ফুলের তোড়া , পেন , মিষ্টির প্যাকেট ও একটি সুন্দর মেমেন্টো তাদের হাতে তুলে দেওয়া হয়।