খুশির ঈদে মিলনের বার্তা আইএনটিটিইউসি-র
সারা রাজ্যজুড়ে পবিত্র ঈদ উৎসব পালিত হল সোমবার। আর এই খুশির ঈদ উৎসবে শতাব্দী প্রাচীন কালনার দাঁতনকাটি তলা মসজিদে নামাজ পাঠের পর সব ধর্ম সব সম্প্রদায়ের মানুষরা একত্রে মিলিত হলেন সেখানে। উপস্থিত সকলে পরস্পরকে আলিঙ্গন করলেন, কাছে টেনে নিলেন একে অপরকে। আর ঈদের দিনে এই মানবপ্রেমকে সুরক্ষিত রাখার বার্তা দিলেন পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি সন্দীপ বসু। তিনি বলেন, একমাস রোজার উপবাসের পর এই খুশির ঈদে মেতে ওঠেন মুসলিম সম্প্রদায়ের মানুষরা। একইসঙ্গে এই ঈদের দিনে তারা অন্য সম্প্রদায়ের মানুষদেরও কাছে টেনে নেন। আমাদের ভারতের যে সনাতন ঐতিহ্য সর্বধর্ম সমন্বয় তার একটা চিত্র আজকের দিনে ফুটে ওঠে সর্বত্র। সন্দীপ বলেন, দেশের এই সনাতন ঐতিহ্যকে আমাদের ধরে রাখতে হবে।


