বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগের সভা I পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হলো দোল পূর্ণিমা উৎসব


1
বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগের সভা

বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগে বর্ধমানের জাগরি সভাগৃহে এক আলোচনা সভার আয়োজন করা হয়। ২৭ ফেব্রুয়ারি আয়োজিত এই সভায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা থেকে সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হন। এ প্রসঙ্গে বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির সভাপতি ডাক্তার প্রেম সারখেল এবং সম্পাদক মৃন্ময়কান্তি গুহ বলেন, আমরা সারা রাজ্যব্যাপী এই ক্লিনিক্যাল কাজের সঙ্গে যুক্তদের নিয়ে একটা সংগঠন তৈরী করতে চলেছি। আগামী দিনে আমরা সংগঠনের রাজ্য সম্মেলন করতে চাই। সেই বিষয়টিকে সামনে রেখে ইতিপূর্বে উত্তরবঙ্গের আটটি জেলাকে নিয়ে আমরা সভা করেছি। এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিকে নিয়ে এই সভার আয়োজন করা হয়েছে। তারা বলেন ক্লিনিক্যাল এস্টাবলিসমেন্ট অ্যাক্টের অধীনে যারা ক্লিনিক পরিচালনা করেন তারা এই সংগঠনের অধীনে রয়েছেন। তাদের এই ক্লিনিকগুলি ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা সেই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করছি। এক্ষেত্রে সরকারি স্বাস্থ্য দপ্তরের যে ব্যবস্থা রয়েছে তার বিকল্প হিসেবে বেসরকারি ক্ষেত্রেও এই ক্লিনিক গুলি কার্যকর রয়েছে। আমরা যাতে আমাদের কাজ সারা বছর সঠিকভাবে করতে পারি তা নিয়েই এই সভায় বিভিন্ন প্রসঙ্গ উঠে এসেছে।

2
পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে মায়াপুর ইসকন মন্দিরে শুরু হলো দোল পূর্ণিমা উৎসব

২৪ ফেব্রুয়ারি পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো মায়াপুর ইসকন মন্দিরে গৌর পূর্ণিমা বা শ্রীকৃষ্ণের দোলযাত্রা উৎসব। তীর্থভূমি নবদ্বীপের ভূমিপুত্র শ্রী চৈতন্যদেবের ৫৩৯তম আবির্ভাব তিথি উপলক্ষ্যে ইসকনের প্রধান কেন্দ্র মায়াপুর চন্দ্রদয় মন্দিরে আয়োজিত হবে ৩৫ দিন ব্যাপি বিভিন্ন অনুষ্ঠান। ২৪ ফেব্রুয়ারি সকালে পতাকা উত্তোলন সহ বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে সূচনা হলেও অলিখিতভাবে গত ১০শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গেছে মায়াপুর ইসকনের দোল পূর্ণিমা বা দোলযাত্রা উৎসব। আগামী ১৪ মার্চ শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা গৌর পূর্ণিমা উৎসব। বিগত বছরের ন্যায় এবছরও দোল পূর্ণিমা উপলক্ষ্যে মন্দিরনগরী মায়াপুরে লক্ষাধিক ভক্তের সমাগম হবে বলে জানান,মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস। উৎসব চলবে আগামী ১৬ মার্চ পর্যন্ত।
সমগ্র বিশ্বের প্রায় শতাধিক দেশ থেকে প্রায় পাঁচ হাজার বিদেশি ভক্ত এবং ভারতের বিভিন্ন প্রদেশ থেকে প্রায় লক্ষাধিক ভারতীয় ভক্ত মায়াপুর ইসকনের গৌর পূর্ণিমা উৎসব অনুষ্ঠানে যোগ দেবেন। ইতিমধ্যেই বহু বিদেশি ভক্ত গৌর পূর্ণিমা উৎসব উপলক্ষ্যে মায়াপুরে পৌঁছে গিয়েছেন বলে জানা যায়। মায়াপুর ইসকন চন্দ্রদয় মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস জানান,দীর্ঘ এক মাস ব্যাপী শ্রীচৈতন্য মহাপ্রভুর ৫৩৯ তম জন্মতিথি উদযাপনকে স্মরণীয় করতে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।