1
উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের স্বার্থে শিক্ষা দপ্তরে ডেপুটেশন দিল এসএফআই-এর
বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে জেলা শিক্ষা আধিকারিকের কাছে ডেপুটেশন প্রদান করা হলো। এবছর মাধ্যমিক পরীক্ষা চলাকালীন প্রাকৃতিক দুর্যোগের ফলে বিদ্যুৎ বিভ্রাটের জন্য কালনা সাব ডিভিশনের বেশকিছু মাধ্যমিক সেন্টারে ছাত্রছাত্রীদের কার্যত অন্ধকারের মধ্যে পরীক্ষা দিতে হয়েছে। দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও প্রশাসনের পক্ষ থেকে কোনোরকম ব্যবস্থা গ্রহণ করা হয়নি। আগামী ৩ মার্চ থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে। পরীক্ষা চলাকালীন যাতে ছাত্রছাত্রীদের কোনোরকম সমস্যায় পড়তে না হয় বা যানবাহন সংক্রান্ত সমস্যার সম্মুখীন হতে না হয় তার আগাম সতর্কতা অবলম্বন করার জন্য জেলা শিক্ষা আধিকারিকের কাছে দাবি জানানো হয়। এর পাশাপাশি পূর্বেই এসএফআই- এর পক্ষ থেকে ২৪০ টাকার অতিরিক্ত ফিস নেওয়ার বিরুদ্ধে, কম্পোজিট গ্রান্ট এর বকেয়া টাকা অবিলম্বে মেটানোর দাবিতে জেলা শিক্ষা আধিকারিকের কাছে গত ২৭ নভেম্বর যে ডেপুটেশন দেওয়া হয়েছিল, তার ভিত্তিতে সমস্যার সুরাহা এখনও হয়নি। মুর্শিদাবাদ, নদীয়া সহ বিভিন্ন জেলা শিক্ষা আধিকারিকের পক্ষ থেকে বর্ধিত ফিস ফেরত দেওয়ার নোটিশ দেওয়া হলেও পূর্ব বর্ধমান জেলায় এর কোনো প্রতিফলন দেখা গেল না। অবিলম্বে স্কুল ও মাদ্রাসার বকেয়া কম্পোজিট গ্রান্টের টাকা পরিশোধের দাবিতেও ডেপুটেশন দেওয়া হয়। তার পাশাপাশি এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে এদিন জানানো হয় এসএফআই পূর্ব বর্ধমান জেলা কমিটির কর্মীরা জেলার বিভিন্ন প্রান্তে হেল্প ডেক্স নিয়ে পরীক্ষার্থীদের সুবিধার্থে জেলার বিভিন্ন প্রান্তে উপস্থিত থাকবেন। তাই কোনো ছাত্র-ছাত্রী উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হলে তাদের সমস্যা সমাধানে পূর্ব বর্ধমান জেলার এসএফআইয়ের কর্মীরা তাদের পাশে দাঁড়াবেন। এদিন ডেপুটেশন কর্মসূচীতে উপস্থিত ছিলেন জেলা কমিটির সম্পাদক উষসী রায় চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য সৌম্য চট্টোপাধ্যায়, জেলা কমিটির সদস্য সোমনাথ মণ্ডল, সিমরান পারভিন প্রমুখ।
2
বিজেপিতে যোগ দিয়েছিলাম বলে বাবা বলেছিলেন গেট আউটঃ কীর্তি আজাদ
১৯৯৩ সালে বিজেপিতে যোগ দিয়েছিলাম, বিধায়ক হয়েছিলাম। আর বিজেপিতে যোগ দেওয়ার কারণে বাবা আমাকে বলেছিলেন গেট আউট, বেরিয়ে যাও এখান থেকে। তার একটাই কারণ ছিল, বাবা বলেছিলেন, যারা ব্রিটিশের সঙ্গে হাত মিলিয়ে কাজ করেছিল তারা কখনও দেশের ভালো করতে পারবে না। এখন বুঝতে পারি তাঁর কথাটা কতটা সত্যি। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সংসদ কীর্তি আজাদ কলকাতায় তৃণমূলের দলীয় সভায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বক্তব্য রাখতে গিয়ে এই কথাগুলি উল্লেখ করেন। তিনি আরও বলেন, বিজেপি মুখে যা বলে কাজে ঠিক তার উল্টোটা করে। মানুষের জন্য কোনো ভালো কাজ করার ইচ্ছে তাদের নেই। আর এই ভালো কাজ করার ইচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রয়েছে বলেই তিনি আজ তৃণমূল কংগ্রেস দলে যোগদান করেছেন, সাংসদ হয়েছেন। এর জন্য তিনি কৃতজ্ঞ একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তেমনই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কাছে। তিনি এও বলেন, যে কোনো রাজনৈতিক দলের মূল শক্তি হলো দলের কর্মীরা। তাই তাদের তিনি সবসময় সম্মান করেন, শ্রদ্ধা করেন।


