২০ হাজার ঘুষ নিতে গিয়ে ইঞ্জিনিয়ার গ্রেপ্তার, OASIS বকেয়ায় অবরোধ! বর্ধমানে ধান্য ব্যবসায়ী সমিতির নতুন

1
পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির পুনর্গঠন সভা

বর্ধমান শহরে অনুষ্ঠিত হলো পশ্চিমবঙ্গ রাজ্য ধান্য ব্যবসায়ী সমিতির পুনর্গঠন সভা। সংগঠনের অন্তর্গত ১২টি জেলার মধ্যে ৯টি জেলার প্রতিনিধিদের উপস্থিতিতে সভাপতি হিসেবে বিশ্বজিৎ মল্লিককে সামনে রেখে সংগঠনকে এগিয়ে নিয়ে যাওয়ার সংকল্প নেওয়া হয়। সভার সভাপতি তথা সংগঠনের অন্যতম উপদেষ্টা অরবিন্দ পাঁজা জানান, আগামী দু’মাস সংগঠনের সমস্ত কর্মকাণ্ড নবনির্বাচিত সভাপতি পরিচালনা করবেন এবং তাঁরা সকলে তাঁর পাশে থাকবেন। অনুপস্থিত তিনটি জেলার জন্য সংগঠনের দরজা খোলা রয়েছে বলেও জানানো হয়।

এদিন ৩২ সদস্যের নতুন কমিটি গঠন করা হয়েছে। সভাপতি বিশ্বজিৎ মল্লিক, সহ-সভাপতি হুগলির ঝন্টু ঘোষ ও পুরুলিয়ার নিত্যানন্দ গোস্বামী এবং কোষাধ্যক্ষ বাঁকুড়ার অসীম হালদার। তবে সম্পাদকের নাম এখনও ঘোষণা করা হয়নি। বিশ্বজিৎ মল্লিক বলেন, সংগঠনের কাজ ভাঙা নয়, গড়া এবং সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়াই তাঁদের লক্ষ্য। তাঁর দাবি, সারা রাজ্যে সংগঠনের প্রায় ৪০ হাজার সদস্য রয়েছেন এবং তাঁদের স্বার্থ রক্ষা করাই সংগঠনের কর্তব্য।

2
২০ হাজার টাকা ঘুষ নিতে গিয়ে হাতেনাতে গ্রেপ্তার সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার

সরকারি নির্মাণকাজের আর্নেস্ট মানি ফেরত দেওয়ার জন্য ২০ হাজার টাকা ঘুষ চাওয়ার অভিযোগে হাতেনাতে গ্রেপ্তার হলেন WBSRDA-র হুগলি শাখার এক সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার। এক সরকারি ঠিকাদারের অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার চুঁচুড়ার জেলা পরিষদ অফিসে ট্র্যাপ অপারেশন চালায় পশ্চিমবঙ্গের অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চ।

অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চ সূত্রে জানা গিয়েছে, ঘুষের টাকা নেওয়ার সময়ই ওই আধিকারিককে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। ঘটনার পর ঘুষ নেওয়ার অভিযোগের বিষয়ে তদন্ত শুরু করেছে অ্যান্টি-কোরাপশন ব্রাঞ্চ।

3
ওএসিস স্কলারশিপের টাকার দাবিতে উত্তাল ১৮ নম্বর জাতীয় সড়ক ! পুরুলিয়ার কাসাই সেতুতে আড়াই ঘণ্টার পথ অবরোধ পড়ুয়াদের

দীর্ঘদিন ধরে ওএসিস (OASIS) স্কলারশিপের বকেয়া টাকার দাবিতে মঙ্গলবার বিক্ষোভে সামিল হলেন বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শত শত পড়ুয়া। বকেয়া স্কলারশিপ দ্রুত মেটানোর দাবিতে পুরুলিয়া-জামশেদপুর সংযোগকারী ১৮ নম্বর জাতীয় সড়কের শিমুলিয়া কাসাই নদী সংলগ্ন এলাকায় আড়াই ঘণ্টা পথ অবরোধ করেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। এর জেরে ব্যস্ততম জাতীয় সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

পড়ুয়াদের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্কলারশিপের টাকা না পাওয়ায় তাঁদের মধ্যে ক্ষোভ জমছিল। মঙ্গলবার জেলার একাধিক কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একজোট হয়ে শিমুলিয়া কাসাই নদীর সেতু এলাকায় অবস্থান বিক্ষোভ শুরু করেন। রাস্তার দুই পাশে সার দিয়ে দাঁড়িয়ে পড়ে শত শত বাস, ট্রাক ও ছোট গাড়ি। নিত্যযাত্রী, স্কুল শিক্ষক, সরকারি-বেসরকারি কর্মচারীদের পাশাপাশি জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত স্বাস্থ্যকর্মী ও চিকিৎসাসংক্রান্ত যানবাহনও দীর্ঘক্ষণ যানজটে আটকে পড়ে।