সমস্যার সমাধানে গোলাপবাগ মোড়ে বিক্ষোভ স্থানীয়দের
এ যেন অনেকটা মেঘ না চাইতেই জল। বৃষ্টি হয়নি প্রায় মাসাধিককাল হলো। অথচ বেশ কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে গোলাপবাগ মোড়ে জিটি রোডের এক পাশ দিয়ে ক্রমাগত নোংরা জল প্রবাহিত হচ্ছে। আর সেই জলের উপর দিয়েই একদিকে যেমন হাঁটতে হচ্ছে পথ চলতি মানুষদের তেমনই প্রতিদিন বাস, লরি, টোটো, গাড়িসহ নানান যানবাহন চলাচল করছে। জানা গেছে, স্থানীয় একটি বাণিজ্যিক কেন্দ্র থেকে ক্রমাগত জল বেরনোর ফলেই এই সমস্যা দেখা দিয়েছে। স্থানীয় মানুষের পক্ষ থেকে এ ব্যাপারে প্রথমে উস্মা প্রকাশ করা হলেও কেউ এই বিষয়ে কর্ণপাত করেননি। ফলে সমস্যা যা থাকার তাই থেকে গেছে। এদিকে বুধবার সকালে দেখা যায় গোলাপবাগ মোড়ের এক পাশের রাস্তার প্রায় পুরোটাই জলপ্লাবিত হয়েছে। ফলে সেখান দিয়ে যাতায়াত করাটাই সমস্যা হয়ে দাঁড়িয়েছে। বাধ্য হয়ে স্থানীয় মানুষজন এদিন এই রাস্তায় দাঁড়িয়ে তাদের ক্ষোভ প্রকাশ করেন বেশ খানিকক্ষণ। এই ক্ষোভ-বিক্ষোভ চলতে থাকে। বিক্ষোভকারীদের দাবি, অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। তা নাহলে গোলাপবাগের মোড়ের মতো ব্যস্ততম এলাকায় যাতায়াত করাটাই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। এখানে একদিকে যেমন রয়েছে বিশ্ববিদ্যালয়, তেমনই রয়েছে তারামণ্ডল, বিজ্ঞান কেন্দ্র, রমনাবাগান অভয়ারণ্য। যেখানে প্রতিদিনই বিশেষ করে এই শীতের মরশুমে বহু মানুষ আসা যাওয়া করছেন। পার্শ্ববর্তী বর্ধমান বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষা কেন্দ্র এবং ইউ আই টি-তে যাতায়াত করাটাও ছাত্রছাত্রীদের পক্ষে সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। স্থানীয় বাসস্টপেজে ওঠানামা করাটাও কঠিন হয়ে পড়ছে যাত্রীদের কাছে। এছাড়া এই রাস্তা দিয়েই প্রতিদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্বাস্থ্য পরিষেবা কেন্দ্রে অ্যাম্বুলেন্স সহ বিভিন্ন যানবাহনে রোগীদের নিয়ে আসা হয়। ফলে সকলের পক্ষেই সমস্যা হয়ে দাঁড়াচ্ছে এই অবাঞ্ছিত জলপ্রবাহ। তাই এলাকাবাসীর দাবি অবিলম্বে এই সমস্যার সমাধান করতে হবে। স্থানীয় প্রশাসন এ বিষয়ে নজর দিক এমনটাই চাইছেন তারা।


