সবুজ সাথী প্রকল্পে জামালপুর ব্লকে শুরু হল সাইকেল বিতরণ কর্মসূচী
পূর্ব বর্ধমান জেলার জামালপুর ব্লকে সবুজ সাথীর সাইকেল দেওয়া শুরু হল। জামালপুরের সেলিমাবাদ হাইস্কুলে সবুজ সাথীর সাইকেল বিতরণ শুরু হলো আনুষ্ঠানিকভাবে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সহ সভাপতি ভূতনাথ মালিক, জয়েন্ট বিডিও অরিন্দম চন্দ,পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, জামালপুর চক্রের এস.আই অনিন্দিতা সাহা,বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভোলানাথ কর্মকার, বনবিবিতলা হাইস্কুলের প্রধান শিক্ষক শ্যামল কুমার রায়, আই.এম.ডাবলু শুভাশিস বন্দ্যোপাধ্যায় সহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারা। মেহেমুদ খান বলেন, সেলিমাবাদ হাইস্কুল থেকে ১৭০ জন ছেলেমেয়ের হাতে সাইকেল তুলে দেওয়া হল। রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সমস্ত প্রকল্পগুলো রাজ্যের মানুষের জন্য চালু করেছেন তার মধ্যে অন্যতম একটি ছাত্রছাত্রীদের জন্য সবুজ সাথী প্রকল্প। রাজ্যের প্রচুর ছাত্রছাত্রী এই সবুজ সাথী প্রকল্পে সাইকেল পেয়ে উপকৃত হচ্ছে। তিনি ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে বলেন, রাজ্য সরকার বিভিন্নভাবে বিভিন্ন প্রকল্প এবং স্কলারশিপ প্রদানের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের পাশে থাকছে। তাদেরও উচিত তাদের নিজেদের পড়াশোনাটা চালিয়ে যাওয়া। এর সঙ্গে তিনি ছাত্রীদের বাল্যবিবাহ নিয়ে সচেতন করেন। ভূতনাথ মালিক বলেন, সবুজ সাথী প্রকল্পে সরকার শুধু একটি সাইকেল ছাত্রছাত্রীদের হাতে তুলে দিচ্ছে এমনটা নয়, এর পিছনে মুখ্যমন্ত্রীর বিশেষ চিন্তাভাবনা রয়েছে। একদিকে যেমন সাইকেল নিয়ে ছাত্রছাত্রীদের স্কুলে আসতে সুবিধা হচ্ছে, তেমনই এরই প্রভাবে অনেক বিদ্যালয়ে স্কুলছুট ছেলেমেয়ের সংখ্যা কমেছে। এরপর থেকে ব্লকের বিভিন্ন স্কুলে চলবে সবুজ সাথীর সাইকেল বিতরণ। এখানে সাইকেল পেয়ে ছাত্রছাত্রীরা খুবই খুশি। তাদের কথায়, সাইকেল পাওয়ায় বিদ্যালয়ে নিয়মিত আসা তাদের পক্ষে অনেকটাই সুবিধা হবে।


