শুরু হলো ৪৮ তম বর্ধমান বইমেলা || জেলা তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম থেকে সহায়তা প্রদান

 

1
শুরু হলো ৪৮ তম বর্ধমান বইমেলা

অভিযান গোষ্ঠী পরিচালিত ৪৮ তম বর্ধমান বইমেলা শুরু হলো স্থানীয় উৎসব ময়দানে। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে এই বইমেলায় আনুষ্ঠানিক সূচনা করেন কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলার সভাপতি তথা বিশিষ্ট সাহিত্যিক ত্রিদিব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানে সম্মানীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভার বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, জেলা তথ্য ও সংস্কৃতি আধিকারিক রাম শঙ্কর মন্ডল, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বাচিক শিল্পী তন্ময় চক্রবর্তী প্রমুখ। এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে এই জেলায় সমাজ ও সংস্কৃতিতে বিশেষ অবদানের জন্য স্থানীয় তেজগঞ্জ চিল্ড্রেন ওয়েলফেয়ার অর্গানাইজেশনকে দেবপ্রসন্ন পুরস্কার প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ধমান অভিযান গোষ্ঠী ও বর্ধমান বইমেলা কমিটির সভাপতি স্বপন কুমার ভট্টাচার্য। উপস্থিত ছিলেন বইমেলা কমিটির সাধারণ সম্পাদক শ্যামল চক্রবর্তী, সহ-সাধারণ সম্পাদক নিরুপম চৌধুরী প্রমুখ। বিধায়ক খোকন দাস বইমেলা কমিটির এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, ৪৮ তম বর্ষ একটি বইমেলার ক্ষেত্রে একটা দীর্ঘ অধ্যায়। আর দু’বছর পর তারা ৫০ তম বর্ষে পদার্পণ করবেন। এটা আমাদের সকলের কাছে গর্বের বিষয়। ৫০ তম বর্ষে বর্ধমান বইমেলা যাতে আরও সুন্দর করে সম্পন্ন হয় তারজন্য আগাম সহযোগিতার আশ্বাস দেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা এবং বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার। বর্ধমান অভিযান গোষ্ঠী পরিচালিত বর্ধমান বইমেলা কলকাতা বইমেলার ঠিক এক বছর পরেই শুরু হয়েছে বলে উল্লেখ করেন ত্রিদিব চট্টোপাধ্যায়। তিনি বলেন, এই সুস্থ সামাজিক কর্মযজ্ঞকে আমাদের বাঁচিয়ে রাখতে হবে, আরও এগিয়ে নিয়ে যেতে হবে। বইমেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক নিরুপম চৌধুরী জানান, এবারের বইমেলায় শতাধিক স্টল রয়েছে। অন্যতম আকর্ষণ হিসেবে রয়েছে বর্ধমানের শিল্পীদের নিজস্ব প্রদর্শনীর একটি স্টল। বইমেলার বিভিন্ন দিনে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান ও সাহিত্য পুরস্কার সহ গুণীজন সংবর্ধনা।

2
জেলা তৃণমূল কংগ্রেসের ওয়ার রুম থেকে সহায়তা প্রদান

পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জেলা কার্যালয়ে ওয়ার রুম খোলা হলো। এর মূল উদ্দেশ্য হলো এসআইআর সংক্রান্ত যেকোনো সমস্যার সমাধানে সাধারণ মানুষকে সহযোগিতা করা। ২৮ নভেম্বর এই উপলক্ষ্যে জেলা কার্যালয়ে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, পূর্ব বর্ধমান জেলা পরিষদের মেন্টর মহম্মদ ইসমাইল, জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক বাগবুল ইসলাম, প্রাক্তন জেলা সভাধিপতি তথা রাজ্য তৃণমূল এসটি সেলের চেয়ারম্যান দেবু টুডু, জেলা তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা আইনজীবী আজিজুল হক প্রমুখ। এ প্রসঙ্গে উজ্জ্বল প্রামাণিক বলেন, মূলত এতদিন প্রতিটি ব্লকে এবং পৌর এলাকায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সাধারণ মানুষকে সহায়তা প্রদানে এই ধরনের ওয়ার রুম খোলা হয়েছিল। সেখান থেকে এসআইআর সংক্রান্ত ফর্ম ফিলাপ সহ নানা বিষয়ে সাধারণ মানুষকে সহযোগিতা করা হচ্ছে। একইভাবে ২৮ নভেম্বর থেকে জেলা কার্যালয়ে এই ওয়ার রুম োচালু করা হলো। এখানে যেকোনো সাধারণ মানুষ এসআইআর সংক্রান্ত কোনো সমস্যা নিয়ে উপস্থিত হলে তাকেঅ সবরকম ভাবে সহযোগিতা করা হবে। এ ব্যাপারে দলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় যথাযথ নির্দেশ দিয়ে গেছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এক্ষেত্রে সাধারণ মানুষের পাশে থেকে সবরকম ভাবে তাদের সহযোগিতা করার কথা বলেছেন। আমরা তাঁদের সেই বার্তাকে মান্যতা দিয়ে মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যার সমাধানে উদ্যোগ নিয়েছি।