1
শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা
বর্ধমান ফিজিক্যাল কালচার সেন্টারের ৪৩ তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা শাঁখারিপুকুর হাউসিং প্রাইমারি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হলো। এই প্রতিযোগিতায় প্রায় ১৮০ জন শিশু-কিশোর এবং অভিভাবকরা অংশগ্রহণ করেন। এই প্রতিযোগিতায় মার্চ পাস্ট সহ অভিবাদন গ্ৰহণ ও সংস্থার পতাকা উত্তোলন করেন বিপিসিসির চিফ্ পেট্রোন এবং এলাকার কাউন্সিলর সনৎ বক্সী। অনুষ্ঠানের শেষে সফল প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থানাধিকারী পূর্ব বর্ধমান জেলা কিশোর বাহিনীর প্রতিযোগিতায় আগামী ১৬ই ফেব্রুয়ারি, বর্ধমান মিউনিসিপ্যাল বয়েজ স্কুলের মাঠে অংশগ্রহণ করবে। পুরস্কার বিতরণ ও উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা সম্পাদক গৌতম মজুমদার , প্রধান উপদেষ্টা প্রদীপ মালিক ও ডঃ সন্দিপা সরকার। এদিন এই ক্রীড়া প্রতিযোগিতা দেখার জন্য বহু স্থানীয় মানুষ এখানে উপস্থিত হয়েছিল।
2
মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য হেল্প ক্যাম্প এসএফআই-এর
রাজ্যজুড়ে ১০ ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। ছাত্রজীবনের এটাই প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন প্রান্তে এসএফআই-এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যের জন্যে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ। জেলার বিভিন্ন প্রান্তে এসএফআই – এর পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি শুভেচ্ছা বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। এর পাশাপাশি অনলাইন মক টেস্ট, হোয়াটস অ্যাপ গ্রুপের মাধ্যমে পরীক্ষার্থীদের বিভিন্ন জিজ্ঞাসা মেটানো সহ বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। অনলাইন মক টেস্টের মাধ্যমে বিপুল অংশের পরীক্ষার্থীদের কাছে পৌঁছানো গেছে তাদের সমস্যা সমাধানের লক্ষ্যে – এমনটাই জানা গেছে এসএফআই নেতৃত্বদের কাছ থেকে। এদিন জেলার বিভিন্ন পরীক্ষা কেন্দ্রের বাইরে মাধ্যমিক পরীক্ষার্থীদের সাহায্যার্থে হেল্প ক্যাম্প করে এসএফআই। পরীক্ষার্থীদের শুভেচ্ছা বার্তা দেওয়া সহ পরীক্ষার্থীদের রোল নম্বর অনুযায়ী কোন ঘরে পরীক্ষার সিট পড়ছে, অভিভাবকদের বসার জায়গা, পানীয় জলের বন্দোবস্ত করে পরীক্ষার্থীদের পাশে দাঁড়ায় এসএফআই। জীবনের প্রথম বড় পরীক্ষা সহ লেখাপড়ার যেকোনো অসুবিধায় পাশে থাকার বার্তা দিয়েছে এসএফআই। এদিন বর্ধমান কে.এ.এস. বেড় হাইস্কুল, দাঁইহাট উচ্চ বিদ্যালয় সহ প্রত্যেকটি স্কুলের সামনে এসএফআই – এর হেল্প ক্যাম্পে সহযোগিতার আশায় ব্যাপক ভীড় জমান পরীক্ষার্থী ও অভিভাবকরা। তাদের সবরকম সহযোগিতা করেন এসএফআই নেতৃত্ব ও সদস্যবৃন্দ।
3
মাধ্যমিক পরীক্ষা চলাকালীন তারস্বরে মাইক বাজিয়ে ক্রিকেট খেলা ঘিরে বিতর্ক
রাজ্যজুড়ে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। আজ ছিল ইংরাজি পরীক্ষা। ছাত্র জীবনে এটি প্রথম বোর্ডের পরীক্ষা। তাই এই পরীক্ষার গুরুত্ব অনেকটাই বেশি। পরীক্ষার কদিন ছাত্র-ছাত্রীদের সাহায্যার্থে সদা প্রস্তুত রয়েছে রাজ্য প্রশাসন। মাধ্যমিক পরীক্ষার জন্য জোরে মাইক বাজানো যাবে না এমনই নিষেধাজ্ঞা রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এদিকে প্রশাসনের এই নিষেধাজ্ঞাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে পরীক্ষা চলাকালীন সময়ে আজ থেকে নাদনঘাট থানার অন্তর্গত সমুদ্রগড় রেলস্টেশন সংলগ্ন বান্ধব সমিতির মাঠে সমুদ্রগড় S.S.L কমিটির উদ্যোগে শুরু হয়েছে গোল্ডেন কাপ ক্রিকেট টুর্নামেন্ট। আগামী ১৩ তারিখ পর্যন্ত চলবে এই ক্রিকেট টুর্নামেন্ট। খেলা শুরুর সময় সকাল ১০:৩০ মিনিট। এই খেলার জন্য মাঠে যেমন খেলোয়াড়দের নিয়ে বিভিন্ন দল অংশগ্রহণ করেছে, ঠিক তেমনভাবেই খেলার মাঠে জড়ো হয়েছে প্রচুর দর্শক। রীতিমত তারস্বরে মাইক বাজিয়ে চলছে খেলা। প্রচন্ড জোড়ে মাইক বাজিয়ে চলছে খেলার ঘোষণা। খেলার মাঠে চলছে তুমুল হুল্লোর। মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে কিভাবে এতো জোরে মাইক বাজিয়ে খেলা চলছে তাই নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ থেকে এলাকাবাসী। সাধারণ মানুষের বক্তব্য এত জোরে মাইক বাজানোর ফলে ছাত্র-ছাত্রীদের পড়াশোনার ক্ষতি হতে পারে। যা মাধ্যমিক পরীক্ষা চলাকালীন সময়ে একদমই কাম্য নয়। এ বিষয়ে প্রশাসন যথাযথ ব্যবস্থা গ্রহণ করুক এমনটাই চাইছেন স্থানীয় মানুষজন অনেকেই।
4
আন্তর্জাতিক বিজ্ঞানে নারী ও মেয়ে দিবস উপলক্ষ্যে নানান অনুষ্ঠান
১১ ফেব্রুয়ারি হলো আন্তর্জাতিক বিজ্ঞানে নারী ও মেয়ে দিবস। এই উপলক্ষ্যে বর্ধমান শহরের কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিভিন্ন বিশেষজ্ঞদের উপস্থিতিতে ছিল আলোচনা সভা, মডেল প্রদর্শনী, বিজ্ঞানের গল্প বলা, কুইজ ইত্যাদি বিষয়। এখানে বিজ্ঞানের নানান বিষয়ে মডেল তৈরী করে ছাত্রছাত্রীরা সে বিষয়ে আলোকপাত করে। উপস্থিত ছিলেন পাঁচজন বিশিষ্ট গুণী নারী। যারা সমাজের বিভিন্ন ক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। এ দিনের আলোচনায় অংশ নিয়ে তারা জীবনে প্রতিষ্ঠা লাভের ক্ষেত্রে বিজ্ঞানের যে ভূমিকা, সে বিষয়ে আলোচনা করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক ডক্টর সুভাষচন্দ্র দত্ত বলেন এই দিনটি যথেষ্ট তাৎপর্যপূর্ণ। কারণ আন্তর্জাতিক বিজ্ঞানে নারী ও মে দিবস পালনের মধ্যে দিয়ে আমরা নারীদের আরও বিজ্ঞান সচেতন করতে চেয়েছি। এই বিদ্যালয়ের ছাত্রীরা যাতে বিজ্ঞান শিক্ষায় আগ্রহী হয় সে বিষয়ে আমাদের নজর রয়েছে। এখানে আগত গুণীজনেরা ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে আলোকপাত করেছেন। বিভিন্ন সময় বিজ্ঞান গবেষণায় নারীদের যে উজ্জ্বল ভূমিকা তাও তুলে ধরা হয়েছে ছাত্র-ছাত্রীদের সামনে। ছাত্রছাত্রীরা নিজেরাই মডেল তৈরী করে তা প্রদর্শন করেছে। এই ভাবেই আমরা দিনটি আজকে উদযাপন করেছি। (পজ্)
এই অনুষ্ঠানে উপস্থিত বর্ধমান বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌটুসী মান্ডি বলেন, বিজ্ঞান শিক্ষার ক্ষেত্রে নারীদের ভূমিকা যথেষ্ট উজ্জ্বল। আমরা চাই আরও বেশি করে মেয়েরা বিজ্ঞানের আলোকে নিজেদের আলোকিত করুন। বিজ্ঞানের গবেষণামূলক কাজের সঙ্গে নিজেদের যুক্ত করুক। তাদের জীবনযাত্রা বিজ্ঞানের নানান ক্ষেত্র ধরে আরও উজ্জ্বল হয়ে উঠুক। এখানে বিজ্ঞানের বিভিন্ন মডেল তারা নিজে হাতে তৈরী করেছে। যা সত্যিই দৃষ্টি আকর্ষণ করছে। এইভাবে তারা বিজ্ঞান শিক্ষার প্রতি আগ্রহী হোক সেটাই আমাদের কামনা।


