শান্তিশৃঙ্খলা বজায় রাখতে দলীয় নির্দেশ মানতে হবে সকলকে
প্রতিটি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বিজেপির জেলা নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা। ৫ মে আয়োজিত এক সাংবাদিক সভায় তিনি বলেন, যে সমস্ত জায়গায় বিজেপির কর্মীরা অশান্তি করছে বলা হচ্ছে, সেটা বিজেপি নেতৃত্বের নির্দেশ মেনে তারা করেনি। কেউ যদি ব্যক্তিগতভাবে কোথাও অশান্তি করে থাকে, সেটা তার নিজস্ব ব্যাপার। তবে দলের পক্ষ থেকে এই ধরণের কাজ না করার জন্য বার্তা দেওয়া হয়েছে। অভিজিৎ বলেন, কোথাও যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে তারজন্য পুলিশ প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। পৌর পরিষেবা স্বাভাবিক রাখার ব্যাপারেও বলা হয়েছে। অভিজিৎ বলেন, আমি নিজে এ ব্যাপারে জেলাশাসক শ্বেতা আগরওয়ালের সঙ্গে কথা বলেছি। পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে।


