1
লক্ষ্মী এলো ঘরে, তথ্যচিত্র প্রদর্শন
রাজ্য সরকার প্রদত্ত বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা পেয়ে সাধারণ মানুষ কিভাবে উপকৃত হচ্ছেন, তার উপর নির্মিত তথ্যচিত্র “লক্ষ্মী এলো ঘরে” প্রদর্শিত হলো শহরের ২৯ নম্বর ওয়ার্ডে। স্থানীয় নারকেলবাগান এলাকায় ওয়ার্ডের বিশেষ করে মহিলাদের উপস্থিতিতে এই তথ্যচিত্র প্রদর্শিত হয়। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক, ২৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা বর্ধমান পৌরসভার এমসিআইসি সুশান্ত প্রামাণিক, কাউন্সিলর অজিত খাঁ, সাহাবুদ্দিন খান, ইন্তেখাব আলম প্রমুখ। সুশান্ত প্রামাণিক বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রী বিগত ১৫ বছরে ৯৪ টি সরকারি প্রকল্প কার্যকর করেছেন। এই সমস্ত প্রকল্পের সুবিধা শিশু থেকে বৃদ্ধ সকলেই পাচ্ছেন। এই প্রকল্পের সুবিধা পাওয়ার ফলে সাধারণ মানুষ কতটা উপকৃত হচ্ছেন সেটাই এই লক্ষ্মী এলো ঘরে তথ্যচিত্রে তুলে ধরা হয়েছে। এর মধ্যে দিয়ে সাধারণ মানুষের কাছে সরকারি প্রকল্পের কার্যকারিতার দিকটি তুলে ধরা হচ্ছে। সাধারণ মানুষ এই বিষয়গুলি জেনে সরকারি প্রকল্পের উপকারিতার দিকটি উপলব্ধি করতে পারছেন।
2
লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে অর্থ বৃদ্ধি, খুশির আবহে মিছিল
এবারের রাজ্য বাজেটে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বৃদ্ধি হয়েছে। ২০২৬ এর বাজেট পেশ করার সময় এই অর্থ বৃদ্ধির কথা জানানো হয় বিধানসভায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মা – বোনেদের কথা চিন্তা করে তাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এই অর্থ বৃদ্ধি করেছেন বলে দাবি তৃণমূল নেতৃত্বের। আর তারজন্যই পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের বেরুগ্রাম অঞ্চলে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে এটি মিছিল করা হয়। এই মিছিল থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপনের পাশাপাশি রাজ্য সরকারের এই প্রকল্পের সাফল্য কামনা করা হয়। এ প্রসঙ্গে ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, এদিনের এই মিছিল একটি উৎসবের রূপ নেয়। মিছিলে এলাকার মা – বোনেরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে যে আনন্দ ও উচ্ছ্বাস ফুটে ওঠে সেখান থেকেই বোঝা যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তাদের আস্থা ও বিশ্বাস কতটা। আমরা আশারাখি, আগামী বিধানসভা নির্বাচনে খন্ডঘোষ সহ পূর্ব বর্ধমান জেলার ১৬ টি বিধানসভা আসনেই তৃণমূল কংগ্রেস প্রার্থীদের জয়যুক্ত করার ক্ষেত্রে এই মা-বোনেরা উল্লেখযোগ্য ভূমিকা নেবেন। এদিনের এই কর্মসূচীতে অংশ নেন খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি নীলুফা বেগম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, অঞ্চল সভাপতি শেখ শাহাদ আলী সহ অন্যান্য জনপ্রতিনিধি ও নেতৃত্ববৃন্দ।


