রাষ্ট্রপতির পর এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে পায়ে হেঁটে দুর্গাপুর থেকে বর্ধমান হয়ে কলকাতার পথে দম্পতি
দেশের রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পশ্চিম বর্ধমানের সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে যাত্রা করেছিলেন। সেবার রাষ্ট্রপতির সঙ্গে দেখা করেন পশ্চিম বর্ধমানের ফরিদপুর থানার অন্তর্গত ইছাপুরের জব্বর পল্লী গ্রামের বাসিন্দা পৃথ্বীরাজ চক্রবর্তী ও তার স্ত্রী রমা চক্রবর্তী।এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সুস্বাস্থ্য ও সার্বিক মঙ্গল কামনায় ফের দুর্গাপুরের সিটি সেন্টার থেকে পায়ে হেঁটে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলেন ওই দম্পতি।
বৃহস্পতিবার রাতে বর্ধমানে পৌঁছোন তারা। পৃথ্বীরাজ চক্রবর্তী বলেন, ২০২৩ সালে ৫২ দিন পায়ে হেঁটে রাষ্ট্রপতি ভবনে পৌঁছোই। এরপর সেখানে আরও ২১ দিন অপেক্ষা করার পর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব হয়। সম্প্রতি আমরা জানতে পেরেছি, বাংলাদেশ থেকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে হুমকি দেওয়া হয়েছে। সেই কারণেই যাত্রা শুরুর আগে মুখ্যমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় স্থানীয় বেহালা কালীবাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রীর নামে পুজো দিই। এরপর পায়ে হেঁটে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের উদ্দেশ্য রওনা দিলাম। আশাকরি তাঁর সঙ্গে দেখা হবে। তাঁকে শুভেচ্ছা জানাতে পারবো।


