এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রাণীসম্পদ উন্নয়ন দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ শুধুমাত্র একজন রাজনৈতিক নেতা বা একজন মন্ত্রী নন, তিনি যে একজন জনদরদী নেতা তা বহুবার প্রমাণিত হয়েছে তার কাজের মাধ্যমে। তিনি যে মানুষের কথা ভাবেন, হতদরিদ্র মানুষের জন্য সর্বদাই কিছু করে যেতে চান তা আরও একবার প্রমাণ হলো। মন্ত্রী নিজে মাঠে খেটে খাওয়া আদিবাসী ক্ষেতমজুরদের হাতে কাস্তে তুলে দিলেন। প্রসঙ্গত, পূর্ব বর্ধমান জেলাকে ধানের ভান্ডার বা ধানের গোলা বলা হয়। এখন চলছে ধান কাটার মরশুম। মাঠের ধান কেটে ধান ঘরে তোলার কাজ চলছে পুরো দমে। মাঠে ধান কাটতে ব্যস্ত পুরুষ ও মহিলা ক্ষেতমজুররা। কালনা ১ নম্বর ব্লকের আটঘরিয়ার গুপ্তিপুর , বেগপুরের পারুলিয়া , তৈ পাড়ার মাঠে গিয়ে ধান কাটার কাজে যুক্ত আদিবাসী মহিলা ও পুরুষদের হাতে ধান কাটার কাস্তে তুলে দেন মন্ত্রী স্বপন দেবনাথ। এর আগেও তিনি মেদগাছি ও মুড়াগাছার মাঠে গিয়ে ক্ষেতমজুরদের হাতে কাস্তে তুলে দিয়েছেন। তিনি দেখেছেন এই দরিদ্র মানুষগুলোর অনেকের ধান কাটার কাস্তে খারাপ হয়ে গেছে আবার অনেকের কাছে এই কাস্তে নেই। অনেকের কাছে হয়তো কাস্তে কেনার টাকাও নেই। এখন চলছে ধান কাটার মরশুম। তাই তাদের কাজ করতে যাতে কোন অসুবিধা না হয় সেই জন্য তিনি তাদের হাতে ধান কাটার কাস্তে তুলে দেন। এভাবে তিনি দরিদ্র খেটে খাওয়া মানুষদের পাশে থাকেন সবসময়।


