রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে রক্তদান শিবির | বর্ধমানে শুরু হলো খাদি মেলা


1
রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন উদ্যোগে রক্তদান শিবির

বর্ধমান রাইস ট্রেডার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে স্থানীয় লায়ন্স ক্লাব ভবন প্রাঙ্গণে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে ৩০০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান উজ্জ্বল প্রামাণিক সহ বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরবৃন্দ। এ প্রসঙ্গে এই সংগঠনের সম্পাদক রাজেশ কুমার সাউ বলেন, আমাদের এই সংগঠনের পক্ষ থেকে নানান সামাজিক কাজ করা হয়। আমরা যেমন রক্তদান শিবিরের আয়োজন করেছি, তেমনই আগামী ২৪ সেপ্টেম্বর দুর্গাপুজোর আগে বস্ত্রদান কর্মসূচীর আয়োজন করা হয়েছে। শীতকালে আমরা কম্বল বিতরণ করি। এছাড়াও বিভিন্ন সময়ে দুঃস্থ মানুষদের খাওয়ানোর ব্যবস্থা করা হয়। করোনার সময় আমরা আমাদের এই সংগঠনের পক্ষ থেকে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কাছে প্রায় প্রতিদিনই খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছি। এইভাবে আমরা মানুষের পাশে থাকার চেষ্টা করি। রাজেশ সাউ জানান, এই রক্তদান শিবির থেকে সংগৃহীত রক্ত ক্যামরি ও টেরেজা হাসপাতাল কর্তৃপক্ষকে প্রদান করা হয়েছে। (পজ্)

2
বর্ধমানে শুরু হলো খাদি মেলা

পশ্চিমবঙ্গ খাদি ও গ্রামীণ শিল্প পর্ষদের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলা খাদি মেলা শুরু হলো স্থানীয় উৎসব ময়দানে। এই মেলার উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, সহকারি সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, জেলাশাসক আয়েশা রাণী এ, পুলিশ সুপার সায়ক দাস, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তথা খাদি বোর্ডের সদস্য উজ্জ্বল প্রামাণিক প্রমুখ। এদিন প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যে দিয়ে খাদি মেলার আনুষ্ঠানিক সূচনা হয়। স্বপন দেবনাথ বলেন, বর্ধমানে এবার নিয়ে তৃতীয়বার খাদি মেলার আয়োজন করা হয়েছে। মূলত, খাদি শিল্প সামগ্রী তৈরী করেন যে সমস্ত শিল্পীরা তাদের বিপণনের বিষয়টিকে প্রাধান্য দিয়েই এই মেলার আয়োজন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় রাজ্যের বিভিন্ন স্থানে মেলা অনুষ্ঠিত হচ্ছে। বর্ধমানে এই মেলা শুরু হলো, চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত। একশোটির অধিক স্টলে সাজানো খাদির শিল্প সামগ্রী এবারের মেলার অন্যতম আকর্ষণ। (পজ্)