পাড়ায় সমাধান ক্যাম্পে এলাকার মানুষের ব্যাপক | বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেরিতে হলেও ফল প্রকাশ


1
পাড়ায় সমাধান ক্যাম্পে এলাকার মানুষের ব্যাপক সাড়া

সারা পশ্চিমবঙ্গ জুড়ে চলছে আমাদের পাড়া আমাদের সমাধানের ক্যাম্প। পূর্ব বর্ধমানের জামালপুরে চকদিঘী ও বেরুগ্রাম অঞ্চলের যথাক্রমে সোনারগোড়িয়া হাইস্কুল ও সাদিপুর হাইস্কুলে করা হয় পাড়ায় সমাধান ক্যাম্প। এই ক্যাম্প পরিদর্শনে যান বিধায়ক অলোক কুমার মাঝি, তৃণমূলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ মেহেমুদ খান, পঞ্চায়েত সমিতির সভাপতি পূর্ণিমা মালিক, সহ সভাপতি ভূতনাথ মালিক, দুই প্রধান অসীমা বাগ ও হাসনারা বেগম, দুই অঞ্চল সভাপতি শেখ আজাদ রহমান ও সাহাবুদ্দিন শেখ ওরফে দানি। তাঁরা ক্যাম্পের প্রতিটি কাউন্টারে যান এবং সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন। নিজের পাড়ার কাজ কি হবে তা পাড়ার লোকেরা নিজেরাই জানান সরকারি আধিকারিকদের। মেহেমুদ খান এই আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পের ভুয়সী প্রশংসা করেন। তিনি বলেন মুখ্যমন্ত্রীর বিভিন্ন প্রকল্পের মধ্যে এই প্রকল্প যথেষ্ট সাড়া ফেলেছে। এর সাফল্যও মিলেছে যথেষ্ট।

2
বর্ধমান বিশ্ববিদ্যালয়ে দেরিতে হলেও ফল প্রকাশ

দেরিতে হলেও বর্ধমান বিশ্ববিদ্যালয়ের স্নাতক স্তরের অনার্স কোর্সের ষষ্ঠ সেমিস্টারের ফলাফল প্রকাশ হয়েছে। দীর্ঘদিন অতিক্রান্ত হলেও ফলাফলের হার্ডকপি প্রদান করতে পারেননি বর্ধমান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এরফলে এই ছাত্রছাত্রীদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর স্তরে ভর্তি হওয়ার ক্ষেত্রে মার্কশিটের হার্ডকপি জমা দিতে না পারার জন্য সমস্যায় পড়তে হচ্ছে। এর পাশাপাশি স্নাতক স্তরের ষষ্ঠ সেমিস্টারের জেনারেল কোর্সের ফলাফল এখনও প্রকাশ হয়নি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এই গাফিলতির ফলে ছাত্রছাত্রীদের উচ্চশিক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে যে বাধার মুখে পড়তে হচ্ছে তার দায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নিতে হবে। স্নাতকোত্তর স্তরের চতুর্থ সেমিস্টারের পরীক্ষা শেষ হয়েছে প্রায় এক মাস অতিক্রান্ত হলেও এখনওc অবধি ফলাফল প্রকাশ হয়নি। ফলে বিএড সহ বিভিন্ন কোর্সে ভর্তি হওয়ার ক্ষেত্রে সমস্যায় পড়তে হচ্ছে।
দীর্ঘ টালবাহানার পর স্নাতক স্তরের অ্যাকাডেমিক ক্যালেন্ডার প্রকাশ হলেও তা মান্যতা দিতে বারবার ব্যর্থ হচ্ছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এই পরিস্থিতিতে ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৫ বর্ধমান বিশ্ববিদ্যালয়ের এক্সাম কন্ট্রোলারের কাছে ডেপুটেশন দেওয়া হল নিম্নলিখিত দাবীতে – অবিলম্বে স্নাতক স্তরের অনার্স কোর্সের ষষ্ঠ সেমিস্টারের ফলাফলের হার্ডকপি প্রদান করতে হবে, ষষ্ঠ সেমিস্টারের জেনারেল কোর্সের ফলাফল প্রকাশ করতে হবে, স্নাতকোত্তর স্তরের চতুর্থ সেমিস্টারের ফলাফল প্রকাশ করতে হবে।
এদিন ডেপুটেশন দেওয়ার আগে এক্সাম কন্ট্রোলারের অফিসের বাইরে স্লোগান সাউটিং করা হয়। ডেপুটেশন শেষে রাজবাটি ক্যাম্পাসে পোস্টারিং করা হয়।