মন্দিরের বার্ষিক পুজোয় জলসত্রের আয়োজন কালনায় I খন্ডঘোষে ব্লকে ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ ধারাবাহিক চলছ


1
মন্দিরের বার্ষিক পুজোয় জলসত্রের আয়োজন কালনায়

পূর্ব বর্ধমান জেলার কালনা শহরে সাধক ভবা পাগলার নিজস্ব ভিটের মন্দিরে বার্ষিক পুজোর আয়োজন করা হয়েছিল। প্রতি বছরের মতো এ বছরও এই পুজোকে কেন্দ্র করে হাজার হাজার ভক্তের সমাগম ঘটে। এই উপলক্ষ্যে এখানে জলসত্র কর্মসূচীর আয়োজন করা হয় স্থানীয় কাউন্সিলর অনিল বসুর উদ্যোগে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, পূর্ব বর্ধমান জেলা আইএনটিটিইউসি-র সভাপতি সন্দীপ বসু সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এই কর্মসূচীতে অংশ নিয়ে শর্মিলা সরকার বলেন, এই গরমের সময় এখানে হাজার হাজার ভক্তরা উপস্থিত হয়েছেন। যারা প্রায় সকলেই তৃষ্ণার্ত রয়েছেন। এই পরিস্থিতিতে জলসত্রের যে কর্মসূচী গ্রহণ করা হয়েছে তা অত্যন্ত বাস্তবোচিত। এখানে মন্দিরে ভক্তরা এসে তাদের তৃষ্ণা নিবারণ করতে পারছেন। যা এই মুহূর্তে অত্যন্ত জরুরি তাদের কাছে। তিনি বলেন, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলরের উদ্যোগে এই কর্মসূচী নেওয়া হয়েছে। যা মূলত দলের মূল যে লক্ষ্য তাকে তুলে ধরেছে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় সাধারণ মানুষের পাশে থেকে জনপ্রতিনিধিদের কাজ করার কথা বলেছেন। মুখ্যমন্ত্রীর সেই বার্তাকে পাথেয় করে এখানে এই জলসত্রের আয়োজন করা হয়েছে। রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এই ধরনের মানবিক উদ্যোগ সবসময় গ্রহণ করা প্রয়োজন। তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব ও কর্মীরা সবসময় এই কাজ করে থাকেন।

2
খন্ডঘোষে ব্লকে ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ ধারাবাহিক চলছ

দক্ষিণ দামোদর এলাকা হিসেবে পরিচিত খণ্ডঘোষ ব্লকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ধারাবাহিকভাবে ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ চলছে। এ খবর জানিয়েছেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ তথা খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি অপার্থিব ইসলাম। একইসঙ্গে তৃণমূলের অন্যান্য সংগঠনিক কাজও ব্লকের সর্বত্র চলছে বলে জানিয়েছেন অপার্থিব ইসলাম। তিনি বলেন, গত ২৭ ফেব্রুয়ারি কলকাতার নেতাজি ইনডোরে তৃণমূলের দলীয় সভায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটার তালিকা পর্যবেক্ষণের বিষয়ে গুরুত্ব আরোপ করেন। কারণ কেন্দ্রের শাসকদল বিজেপি ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের নাম ঢুকিয়ে সেখানে বিধানসভা নির্বাচনে জয়লাভ করেছে বলে অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও তারা একই পথ অনুসরণ করতে চলেছে। ২০২৬ এর বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে তাই বিজেপি যাতে এই রাজ্যে কোথাও ভোটার তালিকায় ভুতুড়ে ভোটারদের নাম ঢোকাতে না পারে তারজন্য রাজ্যের সর্বত্র তৃণমূলের নেতৃত্ব ও কর্মীদের ভোটার তালিকা পর্যবেক্ষণে গুরুত্ব আরোপ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এ ব্যাপারে সজাগ থাকার কথা বলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অপার্থিব বলেন, খন্ডঘোষ ব্লকের প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত এলাকায় গ্রাম ধরে ধরে মানুষের বাড়িতে পৌঁছে তৃণমূলের বুথ কর্মীরা ও নেতৃত্বরা ভোটার তালিকা পর্যবেক্ষণের কাজ ধারাবাহিকভাবে করে চলেছেন। এলাকার সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন থাকতে বলা হয়েছে।