ভারতীয় জনতা পার্টির উদ্যোগে সাংবাদিক সভা
ভারতীয় জনতা পার্টি পূর্ব বর্ধমান জেলা কমিটির পক্ষ থেকে বর্ধমানে দলের কার্যালয়ে এক সাংবাদিক সভার আয়োজন করা হয়। এই সভায় দলের জেলা কমিটির মুখপাত্র ডাক্তার সৌম্যরাজ ব্যানার্জী বলেন, দলের পক্ষ থেকে যে কেউ সাংবাদ মাধ্যমকে কোনো বক্তব্য জানাতে পারবেন না। দল যাকে দায়িত্ব দেবে তিনি সংবাদ মাধ্যমের সামনে কথা বলবেন। দেখা যাচ্ছে কেউ কেউ নিজে থেকেই ব্যানার – ফেস্টুন টাঙিয়ে নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে নানান বক্তব্য রাখছেন। তাদের সেই বক্তব্যের সঙ্গে দলের বক্তব্য অনেক সময় মিলছে না। ফলে সাধারণ মানুষের কাছে ভুল বার্তা পৌঁছচ্ছে। এটা এরপর আর বরদাস্ত করা হবে না। কেউ যদি এই ধরনের কাজ করেন, তাহলে দলের পক্ষ থেকে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সৌম্যরাজ বাবু বলেন, আপাতত দল তাকেই দায়িত্ব দিয়েছে সাংবাদিকদের সঙ্গে কথা বলার। যতক্ষণ পর্যন্ত না অন্য কাউকে দায়িত্ব দেওয়া হচ্ছে, ততদিন তিনিই সাংবাদিকদের মুখোমুখি হয়ে দলের বক্তব্য তুলে ধরবেন।


