1
বিদ্যালয়ে আগত নতুন ছাত্রছাত্রীদের বরণ করে নেওয়া হলো
নিজের বিদ্যালয় সম্পর্কে নতুন ছাত্রছাত্রীদের মধ্যে একটা সুন্দর ধারণা গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাঞ্চননগর দীননাথ দাস উচ্চ বিদ্যালয়ে পঞ্চম তথা অন্যান্য শ্রেণিতে নতুন ভর্তি হওয়া ছাত্রছাত্রীদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হল। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন প্রধান শিক্ষক ড. সুভাষচন্দ্র দত্ত। এই দিন মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনাও দেওয়া হয়। প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া হয় মিস্টি, কলম আর ফাইল। ভাষণে শিক্ষক কমল সাহা পরীক্ষার সময় ছোট প্রশ্নের উত্তরে ছাত্রছাত্রীদের বেশি মনোযোগ দেওয়ার কথা বলেন। বিদ্যালয়ের সহ-শিক্ষক দীপ্ত সুন্দর মুখোপাধ্যায় উচ্চমাধ্যমিকের হায়েস্ট অ্যাটেনডেন্স বা সর্বাধিক উপস্থিতির জন্য ছাত্র অনিমেষকে পুরস্কৃত করেন। এ ব্যাপারে প্রধান শিক্ষক বলেন, যে ছাত্র প্রতিদিন বিদ্যালয়ে আসবে সে অন্তত ৬৫% নম্বর পাবেই ।
প্রধানশিক্ষক নিরাপদ ও সৎ পরীক্ষার জন্য সকলকে প্রয়োজনীয় পরামর্শ দেন। দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা আবার এখানে একাদশ শ্রেণিতে ভর্তি হবে এই আশাও ব্যক্ত করেন। (পজ্)
এদিনের অনুষ্ঠানে ঈপ্সিতা আর হেমার নাচ, প্রিতম আর কোয়েলের কণ্ঠে ‘পুরনো সেই দিনের কথা’ রবীন্দ্রসঙ্গীত অনুষ্ঠানকে প্রাণস্পর্শী করে তোলে। বিদায়ী ছাত্রী সুস্মিতা ও মৌসুমির স্মৃতিচারণ সকলের মন ছুঁয়ে যায়। শিক্ষিকা সুশ্বেতা সাহা আর নবম শ্রেণীর ছাত্রীদের পরিচালনায় সমগ্র অনুষ্ঠান মাধুর্যমণ্ডিত হয়ে ওঠে। শিক্ষক সৌমেন লাহার সঞ্চালনা সমগ্র অনুষ্ঠানকে আরও প্রাণময় করে তোলে।
2
বিভিন্ন দাবিতে জেলা প্রশাসনের কাছে ডেপুটেশন এসএফআই-এর
অবৈধ ছাত্র সংসদ বাতিল করে গণতান্ত্রিক ছাত্র সংসদ নির্বাচন, স্কুলে ২৪০ টাকার অতিরিক্ত ফি ছাত্রদেরকে ফিরিয়ে সরকারি কম্পোজিট গ্রান্টের টাকা প্রদান, প্রতিটি স্কুলে ছাত্র অনুপাতে শিক্ষক নিয়োগ, ক্যাম্পাসে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে জিএসক্যাশ সেল গঠন সহ শিক্ষা সংক্রান্ত বিভিন্ন দাবি নিয়ে ২৮ জানুয়ারি পূর্ব বর্ধমান জেলাশাসকের দপ্তর অভিযান করলো ভারতের ছাত্র ফেডারেশন পূর্ব বর্ধমান জেলা কমিটি। বর্ধমান স্টেশন থেকে ছাত্রছাত্রীদের নিয়ে মিছিল শুরু হয়। মূলত বর্ধমান উত্তর ও দক্ষিণ মহুকুমার স্কুল, কলেজ, বর্ধমান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা লেখাপড়ার দাবিতে মিছিলে পা মেলায়। কার্জন গেট পেরিয়ে ডিএম অফিসের অভিমুখে পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যায় মিছিল। প্রথম ব্যারিকেড ভেঙেই অবস্থানে বসেন সংগঠনের কর্মীরা। এই অবস্থানে সভা চলে দীর্ঘক্ষণ। সভায় বক্তব্য রাখেন সংগঠনের রাজ্য সভাপতি প্রণয় কার্জ্যী, জেলার সভাপতি প্রবীর ভৌমিক, সম্পাদক উষসী রায় চৌধুরী, সম্পাদক মণ্ডলীর সদস্য সৌম্য চট্টোপাধ্যায়, সন্দীপ মণ্ডল, মানস সাহা, কৌশিক সরকার, জেলা কমিটির সদস্য অনিরুদ্ধ কোলে, সোমনাথ মণ্ডল। উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য অনির্বাণ রায়চৌধুরী, রাজ্য কমিটির সদস্য অয়ন ঘোষ সহ অন্যান্যরা। এদিন ছয় সদস্যের প্রতিনিধি দল এডিএম-এর সঙ্গে দেখা করে ছাত্রছাত্রীদের শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি জানান। প্রশাসনের পক্ষ থেকে তেমন কোনো ইতিবাচক প্রতিক্রিয়া না থাকলেও সমস্যাগুলির বাস্তবতা মেনে নিয়েছেন তারা। সংগঠনের পক্ষ থেকে এই শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলির সমাধানের দাবিতে আগামীতেও আন্দোলনের ধারাবাহিকতা বজায় থাকবে ও তাদের এই আন্দোলন আরও বৃহত্তর হবে বলে জানানো হয়। ছাত্রছাত্রীদের স্বার্থে তারা আবারও পথে নামবেন বলে উল্লেখ করেন
3
২৮ জানুয়ারি শুরু হলো কাঞ্চন উৎসব
বর্ধমানের কাঞ্চননগরে ২৮ জানুয়ারি সন্ধ্যায় শুরু হল কাঞ্চন উৎসব। এই উৎসবের সূচনা লগ্নে উপস্থিত ছিলেন মুম্বাইয়ের শিল্পী তামান্না ভাটিয়া। ছিলেন রাজ্যের মন্ত্রী যথাক্রমে অরূপ বিশ্বাস, প্রদীপ মজুমদার, স্বপন দেবনাথ , কাটোয়ার বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ পূর্ব বর্ধমানের বিভিন্ন বিধানসভা কেন্দ্রের বিধায়কবৃন্দ। ছিলেন জেলা পরিষদের সহকারী সভাধিপতি গার্গী নাহা, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার, বর্ধমান উন্নয়ন পর্ষদের চেয়ারপার্সন কাকলি তা গুপ্ত রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী অজ্ঞেয়ানন্দ, বিশিষ্ট সমাজসেবী তন্ময় সিংহ রায় সহ অন্যান্য বিশিষ্ট অতিথিবৃন্দ। এই উৎসবের অন্যতম আয়োজক বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক খোকন দাস এদিন উৎসবের উদ্বোধনী পর্বে উপস্থিত বিশিষ্টজনদের বরণ করে নেন। এই উৎসবের তাৎপর্যের কথাও তিনি তুলে ধরেন। তার এই উদ্যোগকে সাধুবাদ জানান অনুষ্ঠানে উপস্থিত মন্ত্রীবর্গও। নাচে-গানে এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠান উপস্থিত দর্শকদের মন ছুঁয়ে যায়


