বিজেপির সন্ত্রাস রুখতে ও শান্তি বজায় রাখতে জেলাশাসকের কাছে ডেপুটেশন তৃণমূলের


বিজেপির সন্ত্রাস রুখতে ও শান্তি বজায় রাখতে জেলাশাসকের কাছে ডেপুটেশন তৃণমূলের

এবার ২০২৬ এর বিধানসভা নির্বাচনে ব্যাপক ভরাডুবি হয়েছে তৃণমূলের। আর এই ভরাডুবির পর পাড়ায় পাড়ায় তৃণমূলীদের উপর বিজেপির সন্ত্রাস বাড়ছে বলে দাবি করেন তৃণমূলের নেতৃত্ব। পাড়ায় পাড়ায় বিজেপির সন্ত্রাস রুখতে, শান্তিশৃঙ্খলা বজায় রাখতে মঙ্গলবার জেলাশাসকের সঙ্গে দেখা করেন তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সহ তৃণমূলের এক ঝাঁক প্রাক্তন বিধায়ক ও নেতা-কর্মী।
এদিন জেলাশাসকের সঙ্গে সাক্ষাতের পর তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় বলেন, সাম্প্রতিক সময়ে জেলাশাসক ও জেলা পুলিশ সুপার এক সাংবাদিক সম্মেলন করে জেলার প্রতিটি এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন। এরপর কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেও, দিন কয়েক থেকে আবার সেই অত্যাচার শুরু হয়েছে। জেলার বিভিন্ন এলাকায় তৃণমূলের পার্টি অফিস দখল, তৃণমূলের কর্মীদের ঘর ছাড়া করা হয়েছে। কালনায় হনুমান মন্দির ভাঙাকে কেন্দ্র করে তৃণমূলের পার্টি অফিস দখল করা হয়েছে। এই সমস্ত বিষয় জেলাশাসককে জানান হয়েছে বলে জানান তিনি। তবে এইসব বিষয়গুলি দেখার আশ্বাস দিয়েছেন জেলাশাসক শ্বেতা আগরওয়াল। তৃণমূল সূত্রে এমনটাই জানা গেছে।