বিজেপির নাম করে দোকান বন্ধ করার অভিযোগ, ১০ দিন পর তালা খুলে দিলেন বিজেপি নেতা সঞ্জয় দাস
জেলার বর্ধমান উত্তর বিধানসভার কালনা গেট এগ্রিকালচার ফার্ম সন্নিকট এলাকায় প্রায় ৮ থেকে ১০ দিন ধরে বন্ধ পড়ে থাকা একটি লোহা-লস্করের দোকান ঘিরে রাজনৈতিক চাপানউতোর তৈরী হয়েছিল। অভিযোগ, ‘রবি’ নামে এক ব্যক্তি নিজেকে বিজেপি নেতা পরিচয় দিয়ে দোকানটি বন্ধ করে দেয়। দীর্ঘদিন দোকান বন্ধ থাকায় সমস্যায় পড়েন দোকান মালিক টুম্পা মাঝি ও তার পরিবার। অবশেষে বৃহস্পতিবার এলাকায় এসে দোকানের তালা খুলে দেন বর্ধমান উত্তরের ২০২৬ এর বিজেপির প্রার্থী তথা বর্ধমান উত্তর বিধানসভার বিজেপির মন্ডল সভাপতি সঞ্জয় দাস।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। স্থানীয়দের একাংশের দাবি, রাজনৈতিক পরিচয় ব্যবহার করে সাধারণ ব্যবসায়ীদের উপর চাপ সৃষ্টি করার প্রবণতা ক্রমশ বাড়ছে। যদিও এই ঘটনায় এখনও পর্যন্ত প্রশাসনের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি। দোকান মালিক টুম্পা মাঝি জানান, গত কয়েকদিন ধরে দোকান বন্ধ থাকায় চরম আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয়েছিল তাকে। তিনি বলেন,
হঠাৎ করেই দোকান বন্ধ করে দেওয়া হয়। আমরা খুব সমস্যায় পড়ে যাই। পরে বিষয়টি জানতে পেরে সঞ্জয় দাস এসে দোকান খুলে দেন। এরজন্য আমি তাকে ধন্যবাদ জানাই।
বৃহস্পতিবার ঘটনাস্থলে এসে বিজেপি নেতা সঞ্জয় দাস তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, এ মাসের ৪ তারিখের পর থেকে গোটা পশ্চিমবাংলায় বিজেপির জোয়ার এসেছে। ফল প্রকাশের পরে বহু তৃণমূল সমর্থকও নিজেদের বিজেপি বলে দাবি করছেন। কিন্তু গেরুয়া আবীর মেখে বিজেপি হওয়া যায় না। প্রকৃত বিজেপি কর্মীরা মানুষের পাশে থাকেন। আমাদের কাছে খবর এসেছিল যে অন্যায়ভাবে একটি দোকান বন্ধ করে রাখা হয়েছে। তাই আমরা এসে দোকানটি খুলে দিলাম।
তিনি আরও অভিযোগ করেন, কিছু অসাধু ব্যক্তি রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। বিজেপি সাধারণ মানুষের পাশে রয়েছে বলেও দাবি করেন তিনি।


