বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে হাসপাতালে রক্তদান শিবির
বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাড ব্যাংকে এক ইন হাউস রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে আয়োজিত এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি রাসবিহারী হালদার, শহর-সভাপতি অভিরূপ যশ, হাসপাতাল সুপার ডাক্তার তাপস ঘোষ সহ ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ও অন্যান্য কর্মীবৃন্দ। এই শিবিরে মোট ৩০ জন রক্তদাতা এদিন রক্তদান করেন। রাসবিহারী হালদার বলেন, গ্রীষ্মকালীন পরিস্থিতিতে বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে রক্তের সংকট দেখা দেয়। এই রক্তের সংকট নিরসনের জন্য এখানে রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল এই ধরনের শিবির পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকায় তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে করা হবে। তিনি এই ধরনের শিবিরে যুব তৃণমূলের সদস্যদের রক্তদানে এগিয়ে আসার আহ্বান জানান। অভিরূপ যশ বলেন, বর্ধমান শহর তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এখানে প্রাথমিক পর্যায়ে আমরা রক্তদান শিবির করলাম। এরপর হাসপাতালের রক্তের সংকট নিরসনে আমরা আগামী দিনে বিভিন্ন সময়ে আবারও রক্তদান শিবিরের আয়োজন করবো। রক্তদানের মতো মানবিক উদ্যোগে যুব তৃণমূলের কর্মীরা সবসময় অঙ্গীকারবদ্ধ রয়েছেন।


