বর্ধমানে দুই বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন আসামের মুখ্যমন্ত্রী
বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী মৌমিতা বিশ্বাস মিশ্র ও বর্ধমান উত্তর বিধানসভা কেন্দ্রে দলের প্রার্থী সঞ্জয় দাসের সমর্থনে রোড শো করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ২২ এপ্রিল কার্জন গেট থেকে উত্তর ফটক পর্যন্ত রোড শো করেন তিনি। তার দুই পাশে ছিলেন দুই প্রার্থী। পথের দু’ধারে থাকা মানুষের কাছে বিজেপি প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান হিমন্ত। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে আসামের মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গে ২০০ বেশি আসন নিয়ে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে। এখানে যে তোলাবাজি ও দুর্নীতির সরকার রয়েছে তার পরিবর্তন ঘটবে। হিমন্ত বিশ্ব শর্মা বলেন, যখন কেন্দ্রীয় এজেন্সি আইপ্যাকের দপ্তরে উপস্থিত হয়, তখন সেখানে এই রাজ্যের মুখ্যমন্ত্রী পৌঁছে যে আচরণ করেছেন তাতে তিনি তার পদের অমর্যাদা করেছেন। রাজ্যের মানুষ সবকিছুই দেখেছেন। তিনি বলেন, ২৩ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে পশ্চিমবঙ্গে। এই দফায় ৯০ শতাংশ আসনে বিজেপি জিতবে বলে তিনি মনে করেন। হিমন্ত বলেন, তিনি যেখানে রোড শো করছেন সেই বর্ধমান দক্ষিণ ও উত্তর এই দুটি বিধানসভা আসনে ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জয়লাভ করবেন।


