বটডাঙ্গায় মর্মান্তিক পথ দুর্ঘটনা মৃত যুবক
জেলার পূর্বস্থলী থানার অন্তর্গত বটডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সাইবুল সেখ, বয়স ২১
বছর। তিনি বটডাঙ্গা এলাকার বাসিন্দা ছিলেন। শনিবার কালনা মহকুমা হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে।
এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার সন্ধ্যায় সাইবুল সেখ মোটরবাইক নিয়ে একটি রেস্তোরাঁয় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়েছিলেন। বটডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় পৌঁছতেই রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি ডাম্পারের সঙ্গে তাঁর বাইকের সজোরে ধাক্কা লাগে। দুর্ঘটনার জেরে গুরুতরভাবে আহত হন তিনি।
আহত অবস্থায় প্রথমে তাঁকে স্থানীয় একটি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বর্ধমানের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসকরা আরও উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়ার পরামর্শ দেন। কিন্তু কলকাতায় নিয়ে যাওয়ার পথেই তাঁর মৃত্যু হয় বলে পরিবারের দাবি। ঘটনার তদন্ত শুরু করেছে পূর্বস্থলী থানার পুলিশ।



