পশ্চিমবঙ্গ দিবস উদযাপনে গিয়ে বিস্ফোরক মন্তব্য শিল্প প্রতিমন্ত্রী তথা বর্ধমান দক্ষিণের বিধায়িকা মৌমিতা বিশ্বাস মিশ্রের
২০ জুন সারা রাজ্যজুড়ে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। পশ্চিমবঙ্গ দিবস উপলক্ষ্যে পূর্ব বর্ধমানের বর্ধমান শহরের বিবেকানন্দ মহাবিদ্যালয়ের সংস্কৃতি বিভাগের উদ্যোগে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হলো পশ্চিমবঙ্গ দিবস। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র সহ বিশিষ্ট শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী এবং অন্যান্য অতিথিবৃন্দ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র পশ্চিমবঙ্গ দিবসের ঐতিহাসিক গুরুত্ব এবং ২০ জুন তারিখটির তাৎপর্য তুলে ধরেন। তিনি বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও সাংস্কৃতিক পরিচয় সম্পর্কে নতুন প্রজন্মকে সচেতন করে তোলা অত্যন্ত জরুরি। পশ্চিমবঙ্গ দিবস সেই ইতিহাসকে স্মরণ করার একটি গুরুত্বপূর্ণ দিন। তিনি অভিযোগ করেন, অতীতের বিভিন্ন সরকার পশ্চিমবঙ্গের প্রকৃত ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যকে মানুষের সামনে যথাযথভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। তাঁর বক্তব্যে তিনি বলেন, বহু মানুষই পশ্চিমবঙ্গ দিবসের তাৎপর্য সম্পর্কে অবগত নন, কারণ দীর্ঘদিন ধরে এই বিষয়গুলি নিয়ে পর্যাপ্ত আলোচনা ও শিক্ষার ব্যবস্থা করা হয়নি। মৌমিতা বিশ্বাস মিশ্র জানান, আগামী দিনে রাজ্যের সরকারি ও বেসরকারি বিদ্যালয়গুলিতে পশ্চিমবঙ্গ দিবস এবং বাংলার ইতিহাস-সংস্কৃতি সম্পর্কে পাঠদান ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে। বিগত বামফ্রন্ট বলুন,বিগত টিএমসি সরকার বলুন, যেভাবে দিনের পর দিন শিক্ষা ব্যবস্থাকে অবক্ষয়ের জায়গায় নিয়ে গিয়েছিল ,সেখানে আমরা চেয়েছিলাম একটু শৃঙ্খলা এবং মিনিমাম শিক্ষা যেন আমরা পাই। যেমন বেসরকারি স্কুলগুলো দিচ্ছে। কিন্তু বেসরকারি স্কুলগুলো যেটা দিচ্ছে আমাদের ছেলেমেয়েদের আসল সংস্কৃতি সেটা নয়। তার থেকে কিন্তু তারা বিমুখ হয়ে যাচ্ছে। পাশাপাশি বাংলার কৃষ্টি, সংস্কৃতি, ঐতিহ্য ও গৌরবময় ইতিহাসকে শিক্ষাপ্রতিষ্ঠানগুলির মাধ্যমে ছাত্রছাত্রীদের কাছে পৌঁছে দেওয়ার আহ্বান জানান তিনি।অনুষ্ঠান জুড়ে পশ্চিমবঙ্গের ইতিহাস, সংস্কৃতি ও ঐতিহ্যকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা অনুষ্ঠিত হয়। উপস্থিত ছাত্রছাত্রী ও অতিথিদের মধ্যে পশ্চিমবঙ্গের সমৃদ্ধ সাংস্কৃতিক উত্তরাধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির বার্তা তুলে ধরা হয় এদিন।



