পলাশ বাঁচানোর আহ্বানে বালিয়াড়ি গ্রামে গাছগ্রুপ
প্রতিবছরই শিবরাত্রিকে কেন্দ্র করে পূর্ব বর্ধমান জেলার বৈকুন্ঠপুর ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বালিয়াড়ি গ্রামে অবস্থিত পলাশ বনে একপ্রকার পলাশ নিধন কর্মযজ্ঞ চলে। বিষয়টি আজ থেকে তিন বছর আগে চোখে পড়ে গাছপ্রেমীদের সংগঠন গাছ গ্রুপের সদস্যদের। আর তখন থেকেই তারা এই শিবরাত্রির সময় বালিয়াড়ি গ্রামে পলাশ বন বাঁচানোর লক্ষ্যে সাধারণ মানুষকে সচেতন করার উদ্যোগ নেন। এ বছরও গাছ গ্রুপের সদস্যরা শিবরাত্রিকে কেন্দ্র করে প্রায় তিন-চার দিন ধরে এই পলাশ বন পাহারায় বসে পড়েন। এই সময় পলাশের ডাল ভাঙার একটা রেওয়াজ লক্ষ্য করা যায় স্থানীয়দের মধ্যে। এবার সেই কাজে তাদের বিরত করা সম্ভব হয়েছে বলে জানান গাছ গ্রুপের অন্যতম প্রতিষ্ঠাতা তথা জাতীয় শিক্ষক অরূপ চৌধুরী। তিনি বলেন, আমরা পলাশ গাছ নিধন আটকানোর লক্ষ্যেই এখানে উপস্থিত হয়েছি। পলাশের ডাল ভাঙার অর্থ হলো সবুজকে ধ্বংস করা। এই বিষয়টি সম্পর্কে আমরা স্থানীয়দের যতটা সম্ভব বুঝিয়েছি। এখানকার মা-বোনেদের পাশাপাশি অল্প বয়সী ছেলেমেয়েরাও বিষয়টা উপলব্ধি করেছেন। এই কাজে স্থানীয় স্কুলের শিক্ষক – শিক্ষিকারাও তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। পুলিশ প্রশাসন আমাদের পাশে থেকে সহযোগিতা করে চলেছেন। সকলের সমবেত প্রচেষ্টায় এই পলাশ বন নিধনের প্রক্রিয়া অনেকটাই প্রতিহত করা সম্ভব হয়েছে।
যুব সাথী প্রকল্পে ফর্ম ফিলাপের জন্য ক্যাম্প
রাজ্য সরকারের পক্ষ থেকে যুব সাথী প্রকল্প কার্যকর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই প্রকল্পের অধীনে নিজেদের নাম নথিভুক্ত করার জন্য ২১ থেকে ৪০ বছর বয়সী যুবক যুবতীদের আবেদনপত্র দেওয়া ও নেওয়ার জন্য ক্যাম্পের ব্যবস্থা করেছে সরকার। বর্ধমান শহরে পৌরসভা প্রাঙ্গণে এই ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া সদর মহকুমা শাসকের অফিস এবং কাঞ্চনকন্যা বিয়েবাড়ী প্রাঙ্গণেও এই ক্যাম্প হচ্ছে। এই ক্যাম্পে উপস্থিত ছিলেন বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়। তিনি বলেন, রাজ্য সরকারের পক্ষ থেকে যুবক যুবতীদের সহায়তা প্রদানের জন্য যুব সাথী প্রকল্প বাস্তবায়িত হতে চলেছে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে যুবক যুবতীরা দেড় হাজার টাকা করে পাবেন। এই অর্থ তাদের বিভিন্ন প্রয়োজনে কাজে লাগবে। নিজেদের কম্পিটিটিভ পরীক্ষায় বই কেনা, কম্পিটিটিভ পরীক্ষার ফর্ম ফিলাপের জন্য অর্থ দেওয়া, এই সবকিছুতেই সরকার প্রদত্ত এই অর্থ সহায়তা করবে। এই প্রকল্প খুব শীঘ্রই কার্যকর হবে।


