1
পঠন মেলা ২০২৫ অনুষ্ঠিত হলো মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে
রাজ্য শিক্ষা আলোচনা এবং কার্ডিয়লজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়ার যৌথ উদ্যোগে পূর্বস্থলী চক্রের মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়, গোকর্ণ প্রাথমিক বিদ্যালয়, ফলহরি প্রাথমিক বিদ্যালয়, দোগাছিয়া প্রাথমিক বিদ্যালয়, মোদাফফর প্রাথমিক বিদ্যালয়, এই পাঁচটি বিদ্যালয়ের শিশুদের পঠনপাঠনের উন্নতি কল্পে কিছু নতুন ভাবনা নিয়ে কার্যকরী পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এই শিশুদের সঙ্গে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের যোগাযোগ স্থাপনের মাধ্যমে পঠনপাঠনের উন্নয়ন ঘটানোর বাসনায় মিনাপুর নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে “পঠন মেলা” ২০২৫ । শিশু দেখে দেখেই শিখবে, শিশু নিজে পড়বে, শিশু অন্যের পড়া শুনে উত্তর দিতে সক্ষম হবে। এটাই এই পঠন মেলার উদ্দেশ্য। এই পঠন মেলার সঙ্গে উপস্থিত বক্তব্য, কুইজ প্রতিযোগিতা, সৃজনশীল লেখা, ছবি দেখে বিষয় অনুধাবন করা, সঙ্গে অবশ্যই সাংস্কৃতিক ভাবনা প্রসারের উদ্যোগ নেওয়া হয়েছে। রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান পর্ব। সবমিলিয়ে বাচ্চাদের একটা গোটা দিন অন্যভাবে তাদের পঠন-পাঠনের সঙ্গে যুক্ত করার ভাবনা নিয়েই এই পঠন মেলার আয়োজন বলে জানিয়েছেন মিনাপুর নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রসেনজিৎ সরকার।
2
পুজোয় স্বাস্থ্য বান্ধব পুরস্কার প্রদানের উদ্যোগ
দুর্গাপুজোকে কেন্দ্র করে বিশেষ পুরস্কার প্রদানের উদ্যোগ নিয়েছে জনস্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক প্রচার এবং প্রতিটি পুজো মন্ডপ এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার বিষয়টিকে প্রাধান্য দিয়ে এবার পূর্ব বর্ধমান জেলা জনস্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে পুজো কমিটিগুলিকে স্বাস্থ্য বান্ধব পুরস্কার প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় জানিয়েছেন, এই জেলার ২৩ টি ব্লকের প্রতিটি ব্লক এলাকা থেকে তিনটি করে পুজো কমিটিকে এই পুরস্কার প্রদান করা হবে। যারা জনস্বাস্থ্য বিষয়ে গঠনমূলক প্রচার করবে, পুজো মণ্ডপে সাধারণ মানুষকে সচেতনতার বার্তা দেবে, নিজেদের পুজোমন্ডপ এলাকাকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখবে, তারাই এই পুরস্কার পাবে। এ ব্যাপারে প্রতিটি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিকদের তত্ত্বাবধানে এই সেরা পুজোগুলিকে নির্বাচিত করা হবে। এছাড়া জেলার ছটি পৌরসভা এলাকার ভিতরে যে পুজোগুলি হয় সেখানেও তিনটি পুজো কমিটিকে এই সংক্রান্ত পুরস্কার প্রদান করা হবে।
বিশ্বনাথ রায় জানান, এই সংক্রান্ত বিষয়ে লিখিতভাবে পৌরসভা ও ব্লক অফিসগুলিকে জানানো হয়েছে। ২৪ সেপ্টেম্বর এই বিষয়টি নিয়ে ভিডিও কনফারেন্সও করা হয়


