নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশের ধান ক্ষেতে পড়ে গেল চারচাকা, অল্পের জন্য রক্ষা যাত্রীদের
চলন্ত অবস্থায় দ্রুতগামী একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে ধানের ক্ষেতের জমিতে গিয়ে পড়ে। শুক্রবার দুপুরে এই দুর্ঘটনাটি ঘটেছে পুরুলিয়া জেলার বলরামপুর ব্লকের শ্যামনগর সংলগ্ন এলাকা দিয়ে যাওয়া জাতীয় সড়কের ওপর।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি অত্যন্ত দ্রুত গতিতে যাচ্ছিল। শ্যামনগরের কাছে আচমকা চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। মুহূর্তের মধ্যে সেটি রাস্তা ছেড়ে সোজা পাশের নীচু জমিতে গিয়ে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার প্রচণ্ড শব্দ শুনে আশপাশের স্থানীয় বাসিন্দারা সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসেন।
দুর্ঘটনাকবলিত গাড়িটি থেকে দ্রুত চালক সহ অন্যান্য যাত্রীদের উদ্ধার করা হয়। গাড়িতে থাকা যাত্রীদের আঘাত গুরুতর নয়। বড়সড় বিপদের হাত থেকে তারা রক্ষা পেয়ে যান। প্রাথমিক চিকিৎসার পর সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে।
ঘটনার খবর পেয়ে দ্রুত দুর্ঘটনাস্থলে পৌঁছোয় বলরামপুর থানার পুলিশ। পুলিশ দুর্ঘটনাকবলিত চারচাকা গাড়িটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।


