ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে বর্ধমানে এসএফআইয়ের মিছিল, এবিভিপি–এসএফআই বচসায় উত্তেজনা, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী
শুক্রবার বর্ধমান শহরে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে মিছিল করলো স্টুডেন্টস ফেডারেশন অব ইন্ডিয়া অর্থাৎ এসএফআই। বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ মোড় থেকে শুরু হওয়া এই মিছিল শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা অতিক্রম করে বীরহাটা পর্যন্ত যায়। মিছিলে বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী ও সংগঠনের কর্মী-সমর্থক অংশ নেন। তবে কর্মসূচীকে ঘিরে এসএফআই ও অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ বা এবিভিপি-র সমর্থকদের মধ্যে বচসা শুরু হলে এলাকায় সাময়িক উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়।
এসএফআই-এর দাবি, সাম্প্রতিক নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় দেশের লক্ষ লক্ষ পড়ুয়ার ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে পড়েছে। এই ঘটনার নৈতিক দায় স্বীকার করে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অবিলম্বে পদত্যাগ করা উচিত। পাশাপাশি দিল্লীর যন্তর-মন্তরে প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের উপর পুলিশের আচরণেরও তীব্র নিন্দা জানায় সংগঠনটি।
অন্যদিকে, এবিভিপি এই কর্মসূচীর কড়া সমালোচনা করে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, এসএফআই বিভিন্ন কলেজে “থ্রেট কালচার” চালাচ্ছে এবং পড়ুয়াদের জোর করে মিছিলে অংশগ্রহণ করানো হচ্ছে। এবিভিপির দাবি, শিক্ষাঙ্গনে এই ধরনের ভয়ভীতি প্রদর্শনের রাজনীতি কোনওভাবেই মেনে নেওয়া হবে না।
দুই ছাত্র সংগঠনের পরস্পরবিরোধী অবস্থানকে কেন্দ্র করে কিছু সময়ের জন্য উত্তেজনার সৃষ্টি হলেও পুলিশের তৎপরতায় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। কোনও অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি।


