উদ্ধার ৫০ হাজার কিউবিক ফুটেরও বেশি বেআইনি বালি
বেআইনি বালি খনন ও মজুতের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত রেখে ফের বড়সড় অভিযান চালালো পুরুলিয়া জেলা পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে আড়শা থানার পুলিশ এবং স্থানীয় ভূমি ও ভূমি সংস্কার আধিকারিকের যৌথ উদ্যোগে এই বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযান চলাকালীন বেনিগোড়া গ্রামের কাছে সতরা মৌজা এবং রামজীবনপুর এলাকার বাঁশখালী ও বনেট টাঁড় থেকে ২৬টি পরিত্যক্ত স্তূপে জমিয়ে রাখা আনুমানিক ৫০,৬০০ কিউবিক ফুট বেআইনি বালি বাজেয়াপ্ত করা হয়েছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, অবৈধভাবে বিক্রি বা পাচারের উদ্দেশ্যে গত কয়েকদিন ধরে এই বালি সংগ্রহ করে রাখা হয়েছিল। আইনি প্রক্রিয়া মেনে সমস্ত বালি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত ব্যক্তিদের চিহ্নিত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।


