জেলার রায়না-মোহনপুর ৮ কিমি বেহাল রাস্তা সংস্কারে তৎপরতা, প্রশাসনকে নিয়ে পরিদর্শনে বিধায়ক সুভাষ
রায়না–২ ব্লকের বুলচন্দ্রপুর থেকে মোহনপুর পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগে সোমবার সরেজমিনে পরিদর্শন করেন রায়নার বিধায়ক সুভাষ পাত্র। তাঁর সঙ্গে ছিলেন বিডিও, এসআরডব্লিউ-এর ইঞ্জিনিয়ার, বিদ্যুৎ দপ্তরের আধিকারিক ও সংশ্লিষ্ট দপ্তরের প্রতিনিধিরা।
পরিদর্শনে দেখা যায়, রাস্তার দু’ধারে সরকারি জমি দখল করে দোকান ও বসতবাড়ি গড়ে উঠেছে। পাশাপাশি রাস্তা সম্প্রসারণের জন্য বৈদ্যুতিক খুঁটি স্থানান্তর এবং কালভার্ট ও নালার সংস্কারও প্রয়োজন।
দোকান ভাঙার আশঙ্কায় ব্যবসায়ীরা উদ্বেগ প্রকাশ করলে বিধায়ক আশ্বাস দেন, সরকারি নিয়ম মেনেই নোটিশ দিয়ে ব্যবস্থা নেওয়া হবে এবং যেখানে সম্ভব বিকল্প জায়গার বিষয়টিও বিবেচনা করা হবে।
এলাকাবাসীর আশা, দ্রুতই বুলচন্দ্রপুর–মোহনপুর রাস্তার সংস্কারের কাজ পুনরায় শুরু হবে।


