জাতীয় যুব কম্পিউটার সেন্টারের ১৫ তম বর্ষ উদযাপন || প্রথম ওপেন সতোকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো বর্ধমানে


1
জাতীয় যুব কম্পিউটার সেন্টারের ১৫ তম বর্ষ উদযাপন

মেমারি জাতীয় যুব কম্পিউটার সেন্টারের ১৫ তম বর্ষ উদযাপন ও সমাবর্তন উৎসব অনুষ্ঠিত হলো স্থানীয় কৃষ্টি প্রেক্ষাগৃহে। প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সমাবর্তন অনুষ্ঠানের আনুষ্ঠানিক সূচনা করেন সংস্থার ডিরেক্টর গোবিন্দ কুণ্ডু এবং সহ ডিরেক্টর পদ্মা কুন্ডু। সংস্থার ১৫ বছরের পথচলার কথা সংক্ষেপে তুলে ধরেন গোবিন্দ কুন্ডু। তিনি শিক্ষার কার্যকারিতা নিয়েও সংক্ষেপে আলোকপাত করেন। এই অনুষ্ঠানের বিশেষ অতিথি চলচ্চিত্র অভিনেত্রী পুষ্পিতা মুখার্জী একটি ক্যুইজ অনুষ্ঠান পরিচালনা করেন। মিরাক্কেল খ্যাত ধরবাবুর কৌতুক অভিনয় এদিন সকলের দৃষ্টি আকর্ষণ করে। ম্যাজিসিয়ান রবীন কুমারের জাদু প্রদর্শনীও ছিল এদিনের অন্যতম আকর্ষণ। এই অনুষ্ঠানে বিশিষ্ট অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, মেমারি ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রামকৃষ্ণ হাজরা প্রমুখ। এদিনের অনুষ্ঠানে কো অর্ডিনেটর হিসেবে অনুষ্ঠান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন মেমারি স্বপ্নসন্ধানী শিক্ষা ও সংস্কৃতি কেন্দ্রের প্রতিষ্ঠাতা তথা বিশিষ্ট বাচিক শিল্পী রামকৃষ্ণ কুন্ডু। তার সংক্ষিপ্ত বক্তব্য এদিন ছাত্র-ছাত্রীদের প্রাণিত করে। এদিনের অনুষ্ঠানে ৮১ জন কৃতী ছাত্র-ছাত্রীকে আড়াই লক্ষ টাকার স্কলারশিপ বৃত্তি প্রদান করা হয়। ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে তাদের দশটি সাইকেল এবং পাঁচটি কম্পিউটার প্রদান করা হয়। বিশিষ্ট অতিথিবর্গ এই পুরস্কারগুলি ছাত্রছাত্রীদের হাতে তুলে দেন। অতিথিরা প্রত্যেকেই এই উদ্যোগের প্রশংসা করেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নিপা ব্যানার্জী ও মধুমিতা পাল মন্ডল। রামকৃষ্ণ কুন্ডু বলেন, এই প্রতিষ্ঠানের ১৫ তম বর্ষ উদযাপন ও সমাবর্তন উৎসব আয়োজনের মূল লক্ষ্য হলো, ছাত্র-ছাত্রীদের সঙ্গে শিক্ষক-শিক্ষিকাদের আরও নিবিড় সম্পর্ক গড়ে তোলা। পরস্পরের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা বোধকে বাড়িয়ে তোলা। আমরা আশাবাদী, এখান থেকে যে সমস্ত ছাত্রছাত্রীরা শিক্ষা গ্রহণ করছেন, তারা প্রত্যেকেই জীবনে প্রতিষ্ঠা লাভ করবেন।অতীতেও এখান থেকে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা জীবনে প্রতিষ্ঠা লাভ করে নিজেদের আত্মনির্ভর করে তুলতে সক্ষম হয়েছেন।

2
প্রথম ওপেন সতোকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হলো বর্ধমানে

বর্ধমানে অনুষ্ঠিত হলো প্রথম ওপেন সতোকান ক্যারাটে চ্যাম্পিয়নশিপ ২০২৫। এই উপলক্ষ্যে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মধ্যে যথেষ্ট উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়। বহু অভিভাবক এদিন এই প্রতিযোগিতার মাঠে উপস্থিত হয়েছিলেন। উপস্থিত ছিলেন বিশিষ্ট ক্যারাটে প্রশিক্ষকরা। শিশু থেকে কিশোর বয়স পর্যন্ত প্রতিযোগীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। আয়োজকদের সূত্রে জানা গেছে, খেলার মাঠের প্রতি শিশু-কিশোরদের আকর্ষণ বাড়াতেই এই প্রতিযোগিতার আয়োজন। আগামী দিনেও তারা এর ধারাবাহিকতা রক্ষা করবেন। প্রতিযোগিতায় সেরাদের পুরস্কৃ‍ত করা হয়।