জন্ম-মৃত্যু নথি দুর্নীতির অভিযোগে গোটা রাজ্যের পাশাপাশি পূর্ব বর্ধমান জেলার কালনার হাটকালনা সহ একাধিক পঞ্চায়েত অফিসে পুলিশী হানা
রাজ্যজুড়ে একযোগে বিভিন্ন গ্রাম পঞ্চায়েত অফিসে পুলিশী তল্লাশি অভিযান ঘিরে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবেই বৃহস্পতিবার পূর্ব বর্ধমান জেলার কালনা বিধানসভা এলাকার একাধিক পঞ্চায়েত অফিসে পৌঁছোয় পুলিশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত গুরুত্বপূর্ণ নথিপত্র খতিয়ে দেখে বেশকিছু রেজিস্টার ও নথি সিজ করা হয়েছে বলে জানা গেছে।
সূত্রের খবর, সম্প্রতি জন্ম ও মৃত্যু নিবন্ধন সংক্রান্ত একাধিক অভিযোগ ও তদন্তের সূত্র ধরেই রাজ্যের বিভিন্ন জেলায় এই অভিযান শুরু হয়েছে। সেই অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার কালনা-১ ব্লকের হাটকালনা গ্রাম পঞ্চায়েত অফিসে পুলিশ পৌঁছে দীর্ঘ সময় ধরে নথিপত্র পরীক্ষা-নিরীক্ষা চালায়।
পুলিশ আধিকারিকরা পঞ্চায়েত অফিসে থাকা জন্ম ও মৃত্যু রেজিস্ট্রেশন সংক্রান্ত রেজিস্টার, আবেদনপত্র, সংশ্লিষ্ট নথি এবং রেকর্ড খুঁটিয়ে পরীক্ষা করেন। এরপর তদন্তের স্বার্থে বেশকিছু গুরুত্বপূর্ণ রেজিস্টার ও নথি সিজ করে নিয়ে যাওয়া হয় বলে প্রশাসনিক সূত্রে জানা গেছে। তবে ঠিক কোন মামলার তদন্তে এই নথি সংগ্রহ করা হয়েছে, সে বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। স্থানীয় সূত্রের দাবি, শুধু হাটকালনা নয়, কালনা বিধানসভার আরও কয়েকটি পঞ্চায়েত অফিসেও একই ধরনের তল্লাশি চালানো হয়েছে।


