চিলড্রেন অ্যাকাডেমির নতুন শাখার উদ্বোধন | খণ্ডঘোষে ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে জনজোয়ার


1
চিলড্রেন অ্যাকাডেমির নতুন শাখার উদ্বোধন

শিশুদের শিক্ষার বিষয়টিকে আরও প্রসারিত করতে চিলড্রেন অ্যাকাডেমির নতুন শাখার উদ্বোধন হলো পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের কুলে গ্রামে। ফিতে কেটে এই নতুন শাখার আনুষ্ঠানিক পথচলা শুরু করলেন বিশিষ্ট সমাজসেবী তথা চ্যাটার্ড অ্যাকাউন্ট্যান্ট শ্যামাদাস বন্দ্যোপাধ্যায়। এই অনুষ্ঠানে শ্যামাদাস বন্দ্যোপাধ্যায় বলেন, আমাদের সমাজে শিশুদের শিক্ষাদানের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তারাই আমাদের দেশের ভবিষ্যৎ। আজকে তাদের শিক্ষাদানের ব্যাপারে যারা এখানে উদ্যোগ গ্রহণ করেছেন আমি তাদের সাধুবাদ জানাই। এই শিক্ষাদান কেন্দ্র একটি শক্ত ইমারত হিসেবে গড়ে উঠবে এই প্রত্যাশা রাখি। আমি আশাবাদী আগামী দিনে শিশু শিক্ষার প্রসারে এই প্রতিষ্ঠান উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এই প্রতিষ্ঠানের কর্ণধার আমিনা বেগম বলেন, নিকটবর্তী কুসুমগ্রামে ১৯৯৯ সালে তারা পথচলা শুরু করেন। কিন্তু শিক্ষার প্রসারে চিলড্রেন অ্যাকাডেমির আরও শাখা খোলার প্রয়োজন ছিল। অধিক সংখ্যক শিশুকে শিক্ষার আঙিনায় নিয়ে আসার লক্ষ্য নিয়েই তারা কুলে গ্রামে তাদের এই প্রতিষ্ঠানের আরও একটি শাখার পথচলা শুরু করলেন। তাদের লক্ষ্য গ্রামাঞ্চলে বাংলা ও ইংরেজি উভয় মাধ্যমে শিশুদের শিক্ষার বিষয়টিকে সুনিশ্চিত করা।

2
খণ্ডঘোষে ব্লক তৃণমূল কংগ্রেসের বিজয়া সম্মেলনে জনজোয়ার

পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষে ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হলো। এই সম্মেলনে মুখ্য বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা মঙ্গলকোট বিধানসভা কেন্দ্রের বিধায়ক অপূর্ব চৌধুরী। ছিলেন ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, খণ্ডঘোষ বিধানসভা কেন্দ্রের বিধায়ক নবীনচন্দ্র বাগ, পূর্ব বর্ধমান জেলা পরিষদের জনস্বাস্থ্য ও পরিবেশ স্থায়ী সমিতির কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায়, খন্ডঘোষ পঞ্চায়েত সমিতির দুই কর্মাধ্যক্ষ অনাবিল ইসলাম ও বিদ্যুৎকান্তি মল্লিক, পঞ্চায়েত সদস্য নীলুফা বেগম সহ বিভিন্ন পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান ও অন্যান্য সদস্যবৃন্দ। এই বিজয়া সম্মেলনীতে হাজার হাজার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা উপস্থিত ছিলেন। সমগ্র সম্মেলন প্রাঙ্গণ জনজোয়ারের রূপ নেয়। যা দেখে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অপূর্ব চৌধুরী বলেন, এখান থেকেই বোঝা যাচ্ছে খন্ডঘোষ ব্লকের তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক শক্তি কতটা। এখানে মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ও তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি সাধারণ মানুষের আস্থা কতটা। অপার্থিব ইসলাম বলেন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশক্রমে সারা বছর মানুষের পাশে থেকে জনপ্রতিনিধি হিসেবে কাজ করি। তৃণমূল কংগ্রেসের সাধারণ কর্মীরাও আপামর মানুষের পাশে সারা বছর থাকেন। ফলে মানুষও আমাদের পাশে রয়েছেন। বিগত প্রতিটি নির্বাচনে এখান থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থীরা বিপুল ভোটে জয়লাভ করেছেন। আগামী বিধানসভা নির্বাচনেও এই বিধানসভা কেন্দ্র থেকে পঞ্চাশ হাজারের বেশি ভোটে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করবেন বলে দাবি করেন অপার্থিব ইসলাম।