গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের প্রথম জেলা সম্মেলন

গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের প্রথম জেলা সম্মেলন

গ্রামীণ চিকিৎসক যৌথ মঞ্চের প্রথম জেলা সম্মেলন অনুষ্ঠিত হলো বর্ধমান শহরের সংস্কৃতি লোকমঞ্চে। এই সম্মেলনের উদ্বোধনী পর্বে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের মন্ত্রী স্বপন দেবনাথ, বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশ চন্দ্র সরকার, পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামাপ্রসন্ন লোহার, জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম, জেলা পরিষদের কর্মাধ্যক্ষ বিশ্বনাথ রায় প্রমুখ।
এদিন এই সম্মেলন প্রসঙ্গে জানাতে গিয়ে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বলেন, এখানে গ্রামীণ চিকিৎসকরা একটি যৌথ মঞ্চ তৈরী করে সম্মেলনের আয়োজন করেছেন। তাদের নির্দিষ্ট কিছু দাবি রয়েছে। যে দাবির কথা তারা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছে জানাবেন। স্বপনবাবু বলেন, এই চিকিৎসকদের প্রয়োজনীয়তা আজও গুরুত্বপূর্ণ। প্রত্যন্ত গ্রামের মানুষ খুব সহজে একটি হাসপাতালে পৌঁছতে পারেন না। কিন্তু হাতের কাছে যে গ্রামীণ চিকিৎসক রয়েছেন তার কাছে ছুটে যেতে পারেন। প্রাথমিক পরিষেবাটা তারা তাদেরকে দেন। এর ফলে বহু মানুষ প্রাথমিক পর্যায়ে তার প্রয়োজনটুকু মেটাতে পারেন। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। স্বপনবাবুর কথায়, মুখ্যমন্ত্রী ক্ষমতায় আসার পর থেকে এই রাজ্যে চিকিৎসার পরিকাঠামোগত দিকে যথেষ্ট উন্নতি করেছে।ন জেলা শহর থেকে গ্রামীণ এলাকার স্বাস্থ্যকেন্দ্র সর্বত্রই চিকিৎসা পরিষেবার যথাযথ ব্যবস্থা করা হয়েছে। তবে এর বাইরেও সাধারণ মানুষের চিকিৎসার জন্য বিভিন্ন সময়ে প্রয়োজন হয়। আর সেই প্রয়োজনীয়তা মেটানোর ক্ষেত্রে গ্রামীণ চিকিৎসকরা একটা উজ্জ্বল ভূমিকা নিয়ে থাকেন। তাই তাদের দিকটাও ভাবতে হবে। আমি আশা রাখি মুখ্যমন্ত্রী নিশ্চয়ই এই গ্রামীণ চিকিৎসকদের বিষয়টি নিয়ে যথাযথ ভাবনাচিন্তা করবেন। কারণ তিনি সকলের কথাই ভাবেন, সকলের চাহিদা পূরণে সচেষ্ট থাকেন।