কৈয়রে মহিলা ভোটারদের পাশে দাঁড়ালেন পঞ্চায়েত সদস্যা
বিশেষ করে মহিলা ভোটারদের এসআইআর-এর কাজে সহায়তা প্রদানে এগিয়ে এলেন এক পঞ্চায়েত সদস্যা। পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের কৈয়র গ্রাম পঞ্চায়েতের সদস্যা নীলুফা বেগম তার এলাকায় থাকা মহিলা ভোটারদের পাশে এসে দাঁড়ালেন। এসআইআর-এর জন্য নির্দিষ্ট ফর্ম ফিলাপের বিষয়ে তাদের উদ্দেশ্যে সহযোগিতার হাত বাড়িয়ে দিলেন তিনি। এ প্রসঙ্গে খন্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পূর্ব বর্ধমান জেলা পরিষদের অধ্যক্ষ অপার্থিব ইসলাম বলেন, এখানে এমন অনেক মহিলা রয়েছেন যারা সেইভাবে লেখাপড়া জানেন না। ফলে এসআইআর-এর ফর্ম ফিলাপ করা তাদের পক্ষে সম্ভব নয়। এই কাজে কৈয়র গ্রাম পঞ্চায়েতের সদস্যা নীলুফা বেগম এগিয়ে এসেছেন। তার আন্তরিক সহযোগিতা এখানকার মহিলা ভোটারদের এই কাজে অনেকটাই সহায়ক হয়ে উঠেছে। নীলুফা বেগম বলেন, আমি এখানকার মহিলা ভোটারদের এসআইআর- এর ফর্ম ফিলাপের কাজে সহযোগিতা করে চলেছি। যাতে কোথাও কোনো ভুল-ভ্রান্তি না হয় তারজন্য তাদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ। আমাদের লক্ষ্য হলো একজন বৈধ ভোটারের নামও যেন ভোটার তালিকা থেকে বাদ না যায়। সেইজন্যই তাদের পাশে থেকে যতটা সম্ভব সহযোগিতা করার চেষ্টা করে চলেছি।


