কাটোয়ায় বিজেপির পরিবর্তন সভা থেকে তৃণমূলকে তীব্র আক্রমণ সুকান্তের
জেলার কাটোয়ায় ঘোষেশ্বরতলা শিবমন্দির সংলগ্ন মাঠে ৮ মার্চ অনুষ্ঠিত হল বিজেপির ‘পরিবর্তন সভা’। এই সভায় উপস্থিত ছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। পাশাপাশি সভায় যোগ দেন বিজেপি নেতা ও অভিনেতা রুদ্রনীল ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কাটোয়া বিধানসভার পর্যবেক্ষক বীরভূমের দুধকুমার মণ্ডল, কাটোয়ার সাংগঠনিক জেলা বিজেপির সহ-সভানেত্রী সীমা ভট্টাচার্য, সংগঠনের প্রাক্তন জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, কাটোয়া বিধানসভার ইনচার্জ অশোক রায় সহ জেলা ও রাজ্যস্তরের একাধিক নেতা-কর্মী। সভা ঘিরে এলাকায় বিজেপি সমর্থকদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়।
দলীয় সূত্রে জানা যায়, এই সভা শেষ করে বিজেপির ‘পরিবর্তন যাত্রা’ কাটোয়া থেকে দাঁইহাট হয়ে কালনার উদ্দেশ্যে রওনা দেয়।
সভা শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন সুকান্ত মজুমদার। রাষ্ট্রপতিকে ঘিরে সাম্প্রতিক বিতর্ক প্রসঙ্গে তিনি বলেন, রাষ্ট্রপতি দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদ। সেই পদে অধিষ্ঠিত ব্যক্তিকে অপমান করা অত্যন্ত নিন্দনীয়। তাঁর বক্তব্য, “যদি পদবী অন্য কিছু হত, তাহলে হয়তো এই ধরনের আচরণ করা হত না। শুধুমাত্র তিনি আদিবাসী সম্প্রদায়ের হওয়ায় তাঁকে অপমান করা হয়েছে”।
এছাড়াও জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে মুখ্যমন্ত্রীর মহিলাদের কালো কাপড় মুখে বেঁধে প্রতিবাদ মন্তব্য প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি কটাক্ষ করে বলেন, তৃণমূল কংগ্রেসের মিছিলেই সাধারণত কালো কাপড় পরা মহিলাদের দেখা যায়, অন্য মহিলাদের অংশগ্রহণ সেখানে খুব একটা দেখা যায় না। তৃণমূলের কোনো নীতি নেই।
নীতিহীন একটা দল।


