কলেজে নবীনবরণে ছাত্রছাত্রীদের হাতে বৃক্ষচারা প্রদান
পূর্ব বর্ধমানের চন্দ্রপুর কলেজের বাংলা বিভাগে অনুষ্ঠিত নবীনবরণ অনুষ্ঠানে কলেজে আগত নতুন প্রজন্মের ছাত্র-ছাত্রীদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়া হলো। এ প্রসঙ্গে বাংলা বিভাগের প্রধান অধ্যাপিকা ডঃ তন্দ্রা পাল বলেন, আমরা নবীনবরণ উৎসবে ছাত্র-ছাত্রীদের হাতে বৃক্ষচারা তুলে দেওয়ার বিষয়টি এর আগেও করেছি। এবারও সেই উদ্যোগ কার্যকর করা হলো। যার মূল লক্ষ্য হলো, আমাদের পারিপার্শ্বিক পরিবেশকে সবুজে ভরিয়ে তোলা। যেভাবে সভ্যতার ক্রমবিকাশে বৃক্ষ নিধন হয়েছে, সেই শূন্যস্থান পূরণ করা অত্যন্ত জরুরি।
হাতে গাছের চারা পেয়ে কলেজে ভর্তি হওয়া নতুন ছাত্র-ছাত্রীদের মধ্যে দীপারাণী ঘোষ, কর্ণিকা রায়, মন্দিরা ঘোষ, প্রিয়া দাস, সঞ্চিতা মন্ডল, বিষ্ণু বৈরাগ্য, কৃষ্ণদ্যুতি দাস বলেন, খুব ভালো লেগেছে হাতে গাছের চারা পেয়ে। আমরা নিশ্চয়ই এই সমস্ত গাছের চারা বাড়িতে কিংবা বাড়ির পাশে রোপণ করবো। আমাদের লক্ষ্য থাকবে, যাতে এই রোপণ করা গাছগুলি বেঁচে থাকে। আমাদের চারপাশ যেন আরো সবুজে ভরে ওঠে।


